বাংলাদেশ ওমেন ইনভেস্টরস নেটওয়ার্কের প্রেসিডেন্ট আলাভি হোসেন
বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের (বিএএন) সহযোগী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওমেন ইনভেস্টরস নেটওয়ার্কের (বিডব্লিউআইএন) প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়েছেন উদ্যোক্তা আলাভি হোসেন। গত সোমবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
নারীদের ক্যারিয়ার গঠন, নতুন ব্যবসায়িক ধারণা ও পরামর্শ বা মেন্টরশিপের মাধ্যমে দক্ষ নেতৃত্ব তৈরিতে কাজ করে বিডব্লিউআইএন। বিএএনের প্রধান নির্বাহী কর্মকর্তা আইভি হকের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগে এখন যুক্ত হলেন আলাভি হোসেন। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা ও দেশের বাজারে সফল উদ্যোগ পরিচালনার দক্ষতাসম্পন্ন এই দুই নারী এখন থেকে একই প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবেন।
আইভি হক লন্ডন ও সিলিকন ভ্যালির আর্থিক খাতে কাজ করার পর বাংলাদেশে ‘মায়া আপা’র মতো সফল হেলথ-টেক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। বর্তমানে তিনি দেশের স্টার্টআপগুলোতে পুঁজি ও মেন্টরশিপ নিশ্চিত করতে কাজ করছেন।
অন্যদিকে আলাভি হোসেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গ থেকে উচ্চশিক্ষা শেষে নিউইয়র্কের আর্থিক বাজারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশে ফিরে তিনি ‘কেনশো’ ও ‘ইউগেন’-এর মতো জীবনধারা ও সুস্থতাবিষয়ক ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। এ ছাড়া সৃজনশীল চর্চা ও আলোচনার প্ল্যাটফর্ম ‘আহারা উডস’-এর সহপ্রতিষ্ঠাতাও তিনি।
বিশ্বব্যাপী ভেনচার ক্যাপিটাল বিনিয়োগের মাত্র ২ শতাংশ নারীদের প্রতিষ্ঠিত স্টার্টআপে যায়। বাংলাদেশে এই হার আরও কম। এই বৈষম্য দূর করাই বিডব্লিউআইএনের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুধু উদ্যোক্তা নয়; বরং নারীদের বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতেও কাজ করবে প্রতিষ্ঠানটি।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বিডব্লিউআইইএন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য উন্নয়নমূলক কর্মশালা ও উদ্ভাবনী সেশন আয়োজন করবে। নেতৃত্ব, যোগাযোগদক্ষতা এবং ব্যবসায়িক মানসিকতা তৈরিতে আইভি ও আলাভি সরাসরি প্রশিক্ষক হিসেবে কাজ করবেন।