১৯৬৯ সালের কথা। ইকবাল মতিনের বয়স তখন ১৩ বছর ৩ মাস। নওগাঁর কাশিমপুরের জমিদার শরৎকুমার মৈত্রের বয়স সে সময় ৯০ বছর। ইকবাল মতিন গিয়েছিলেন জমিদারের সঙ্গে দেখা করতে। শিশু ইকবাল মতিনের সংগীতের প্রতি অনুরাগ দেখে জমিদার মুগ্ধ। জমিদারবাড়িতে তিন দিনের আতিথেয়তা মিলে গেল তাঁর। ফেরার সময় জমিদার সংগীতের একটি দুর্লভ গ্রন্থ উপহার দিলেন তাঁকে, দিলীপকুমার রায়ের (১৮৯৭-১৯৮০) লেখা ভ্রাম্যমানের দিন-পঞ্জিকা।
দিলীপকুমার রায় কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে। প্রখ্যাত সংগীতজ্ঞ এবং চিরকুমার। ভারতের সংগীতশাস্ত্র নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর চিঠিপত্র এখন মশহুর। ১৯২০ থেকে ১৯২৫ সাল পর্যন্ত তিনি ভারতের বড় বড় শহরে ঘুরে বেড়িয়েছেন। শুনেছেন তা-বড় তা-বড় ওস্তাদ আর বাইজিদের গান। সে অভিজ্ঞতা নিয়েই ১৯২৭ সালে লেখেন এই বই।
ইকবাল মতিন ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক। অবসর নিয়েছেন গত বছর। বইটি তাঁর কাছে সযত্নে রক্ষিত আছে। বইয়ের পাতায় পাতায় শরৎকুমার মৈত্রের রঙিন পেনসিলে দাগ দেওয়া জীবন্ত স্মৃতিচিহ্ন।
দিলীপকুমার রায় বিলেতে অধ্যয়নকালে পাশ্চাত্য সংগীতের পাঠ নেন। সংগীতে টানে আয়ত্ত করেন ফরাসি-জার্মান-ইতালীয় ভাষা। লিও তলস্তয়, রমাঁ রলাঁ, বার্ট্রান্ড রাসেল, হেরমান হেস প্রমুখ স্মরণীয়তমদের তিনি সান্নিধ্যধন্য। ইউরোপ থেকে ফিরে খেয়াল চাপে দেশি গুণীদের গান শোনার। সংগীতের প্রখ্যাত পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের সংস্পর্শে আসেন। তাঁর মতোই গানের টানে ভারতের পথে বেরিয়ে পড়েন। ভ্রাম্যমানের দিন-পঞ্জিকা ধারাবাহিকভাবে একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরে বই হয়ে বের হয়।
বইটির ভূমিকায় সাহিত্যিক প্রমথ চৌধুরী লিখেছেন, ‘শ্রীমান দিলীপকুমার যে উদ্দেশ্য নিয়ে সারা ভারতবর্ষ পর্যটন করেছেন, সেটি অর্থ উপার্জন নয়, একটি বিশেষ জ্ঞান অর্জন। এ জাতীয় জ্ঞানার্জনের প্রয়াস ইতিপূর্বে কেউ কখনো পেয়েছেন বলে আমার জানা নেই।’
দিলীপকুমার রায় অকপটে বলেছেন, সব ওস্তাদের ভেতরে তিনি শিল্পীকে খুঁজে পাননি। কোনো কোনো শিল্পীর মুদ্রাদোষ লক্ষ করেছেন। সংগীত পরিবেশনের সময় শিল্পীদের ব্যক্তিত্বের বিচ্ছুরণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। যে শহরেই গেছেন, সেখানকার প্রকৃতি, বেশভূষা ও রুচি নিয়ে তো বলেছেনই।
সংগীতজ্ঞ দিলীপকুমার রায়ের মন্তব্য ছিল অকপট ও সুতীক্ষ্ণ। তিনি লিখেছেন, দেশে গায়কের মধ্যে ওস্তাদ তো কম বটেই, আবার ওস্তাদের মধ্যে শিল্পী তার চেয়েও কম। আল্লাবান্দা খাঁর ধ্রুপদ শুনে তাঁর মনে হয়েছে, অভ্রভেদী নাম সত্ত্বেও বাংলাদেশের ধ্রুপদের মতো আর্ট তত নেই, যত আছে নৈপুণ্য। বলেছেন, সংগীত যে মল্লযুদ্ধ নয়, বরং সৌন্দর্যানুভূতির অভিব্যক্তি—এ সত্য উপলব্ধির সময় এসেছে।
কাথিওয়াড়ের রাজধানী ভাওনগরে এক গুজরাটি বন্ধুর আতিথেয়তায় রহিম খাঁর সেতার উপভোগ করেন দিলীপকুমার রায়। রহিম খাঁ ভাওনগরের রাজার সেতারবাদক। দিলীপকুমারের মন্তব্য, রহিম খাঁর মতো উৎকৃষ্ট সেতার তিনি কমই শুনেছেন, তবে বড্ড বেশি বকেন। ভালো বাজিয়ে হলেই সরস আলাপী হয় না।
দিলীপকুমার রায় দুই দিন ধরে বরোদার ওস্তাদ ফৈয়াজ খাঁর খেয়াল শোনার পর বলেন, বর্তমান ভারতবর্ষের তিনি শ্রেষ্ঠ গুণী শিল্পী। তবু খেয়ালে আবদুল করিম খাঁর অনেক নিচে। তাঁর ঠুংরি শুনে মুগ্ধ হয়ে বলেছেন, ‘তিনি একজন প্রকৃত শিল্পী বটে। কী দরদ! কী ছোট ছোট তানের কাজ! কী তালের ওপর আধিপত্য! কী অফুরন্ত বিচিত্র তানালাপ!’
রামপুরের নবাবের সভাবাদক ফিদা হোসেনের সরোদ শুনে মুগ্ধ হয়ে দিলীপকুমার রায় বলেছেন, সবচেয়ে বড় সম্পদ তাঁর মুখ ও অঙ্গপ্রত্যঙ্গের অভিব্যক্তি। সংগীতের অনেকখানি সৌন্দর্য নির্ভর করে তার শুদ্ধ মুদ্রার ওপরে। ফিদা হোসেন একজন সত্যিকারের শিল্পী। ওস্তাদ আলাউদ্দীন খাঁ ছাড়া সরোদে তাঁর মতো মিষ্টি হাত ও অভিব্যক্তি সমগ্র ভারতে মেলা ভার।
আলাউদ্দীন খাঁর বড় ভাই আফতাবউদ্দীন খাঁর বাঁশি সম্পর্কে দিলীপকুমার রায় বলেছেন, ‘আফতাবউদ্দীন খাঁর মতো বংশীবাদক আজ সমগ্র ভারতবর্ষে বোধ হয় আর নেই। অথচ তিনি কারও কাছে শেখেননি। শিল্পী বিধাতার কাছ থেকেই সৃষ্টির সনদ নিয়ে আসেন। তাঁকে তৈরি করা যায় না।’
সংগীতের ভেতর দিয়ে সুগভীর ও সুদীর্ঘ এক ভ্রমণের পর দিলীপকুমার রায়ের উপলব্ধি, ‘সমগ্র ভারতে ঘুরে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে আমাদের সংগীতের অবস্থা আজ মুমূর্ষু। অশিক্ষিত পেশাদারের হাতে সংগীতের সহস্রদল যে প্রস্ফুটিত হতে পারে না, এ সত্যটি সম্বন্ধে সচেতন না হলে আমাদের সংগীতের মুক্তি নেই।’
বইটির প্রথম প্রকাশ বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ। কলকাতার গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স প্রকাশিত বইটির এই সংস্করণের গায়ে দাম লেখা দুই টাকা। বইটি সংগীত-রসিক ও গবেষকদের আনন্দ ও মূল্যবান তথ্য দেবে।