স্বামী বিবেকানন্দ অসাম্প্রদায়িক সমাজব্যবস্থায় বিশ্বাসী ছিলেন: মেয়র তাপস
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ অসাম্প্রদায়িক সমাজব্যবস্থায় বিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সোমবার রাতে রাজধানীর ওয়ারীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মিশনের ১২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র তাপস বলেন, মানবসেবা ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র ব্রত। ১২৭ বছর আগে তিনি যেটা চিন্তা করেছিলেন, তা হলো অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা। তিনি নিজ হাতে রামকৃষ্ণ মিশনের যে প্রতীক এঁকেছেন, সেটিই বলে দেয় যে তিনি অসাম্প্রদায়িক সমাজ, জাতি ও বিশ্বব্যবস্থায় বিশ্বাসী ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। তিনি ১৪ বছর কারাবাস করেছেন। শুধু মানুষের মুক্তির কথা বিবেচনা করেই তিনি নিজেকে উৎসর্গ করেছেন। যে ত্যাগের কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, সেটা পুরোপুরি ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর দ্বিতীয়টি হলো সেবা। সেবার আদর্শে জাতির পিতা যেমন নিজের পুরো জীবন কাজ করেছেন, তেমনি তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজের পুরো জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, স্বামী বিবেকানন্দ মানবসেবার ব্রত নিয়েই এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ১২৭ বছর ধরে এই মঠ ও মিশন মানবসেবার অনন্য নজির স্থাপন করে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ বক্তব্য দেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।