সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতারে ভাঙচুর-হুমকি-প্রাণনাশের চেষ্টার অভিযোগে করা মামলায় মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামালসহ ২৪ আইনজীবী আগাম জামিন পেয়েছেন।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ জামিন দেন।
আবেদনকারীপক্ষ জানায়, ১২ সপ্তাহ বা পুলিশ প্রতিবেদন দাখিল—যেটি আগে হয়, সে সময় পর্যন্ত ২৪ জনকে জামিন দেওয়া হয়েছে।
জামিন পাওয়া ২৪ জনের মধ্যে মাহবুব উদ্দিন বিএনপির যুগ্ম মহাসচিব। কায়সার কামাল বিএনপির আইনবিষয়ক সম্পাদক।
সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব কটি (১৪টি পদে) পদের নির্বাচনে জয়ী হয়ে সমিতির নেতৃত্বে আছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। তবে সমিতির নির্বাচন প্রক্রিয়াসহ বর্তমান কমিটি নিয়ে আপত্তি-বিরোধিতা করে আসছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
গত ৩০ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ব্যানারে ‘তলবি সাধারণ সভা’ করেন আইনজীবীদের একাংশ। তাঁরা সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সভায় আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক ও আইনজীবী শাহ্ আহমেদকে সদস্যসচিব করে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সমিতির নবনির্বাচিত কমিটি ৬ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে। অন্যদিকে অ্যাডহক কমিটির নামে ৬ এপ্রিল সমিতি ভবনে ইফতার ও দোয়া মাহফিলের একটি ব্যানার দেখা যায়।
ইফতার মাহফিল ঘিরে সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেদিনের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৫০ থেকে ৬০ জন আইনজীবী ও কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ৯ এপ্রিল মামলা করেন।
এই মামলায় নাম থাকা ২৪ জন আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আবদুর রাফেল।
মামলায় নাম থাকা অপর ২২ জন হলেন মো. রুহুল কুদ্দুস, কামরুল ইসলাম, শাহ আহমদ, মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, এ কে এম এহসানুর রহমান, মাহাদিন চৌধুরী, জামিউল হক, কামরুল ইসলাম, ইউনুস আলী, কাজী মোস্তাফিজুর রহমান, মির্জা আল মাহমুদ, মেহেদী হাসান, নূরে আলম সিদ্দীকী, নজরুল ইসলাম, মহসিন কবির, ফয়সাল সিদ্দীকি, সফিউল আলম, মো. শহিদুল ইসলাম, মনজুরুল আলম, রেদওয়ান আহমদ ও মো. ইসা।