জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে সমবেত নৃত্য পরিবেশনা। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়ছবি: প্রথম আলো

দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হয়েছে শুক্রবার। শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলনের আয়োজক ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’। গানে, কথায়, আলোচনায় বক্তারা রবীন্দ্রনাথের মানবিক দর্শনে সংকট মোকাবিলার আহ্বান জানান।

এটি সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন। সম্মেলন উপলক্ষে দেশজুড়ে সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে উদ্বোধনী পর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় ৫০ জন শিল্পী অংশ নেন। সাধারণ ও কিশোর—দুই বিভাগে প্রতিযোগিতা হয়।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ছয়টায় প্রদীপ প্রজ্বালন, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি ও জাতীয় সংগীত পরিবেশিত হয়।

লোভ ও শক্তির লড়াই

সম্মেলনের উদ্বোধনীতে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশে প্রতিক্রিয়াশীল মৌলবাদী গোষ্ঠীগুলোর যে উত্থান ঘটছে, তার পেছনে রয়েছে লোভ ও শক্তির লড়াই।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলোর এই উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং তা সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের যে সংকট, তারই একটি বহিঃপ্রকাশ।

সিরাজুল ইসলাম চৌধুরী এ সংকট কাটাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বকবি তাঁর জীবনাদর্শে যে আলোর পথ দেখিয়েছেন, সংকট কাটাতে সেই আলো খুঁজে নিতে হবে। প্রতিক্রিয়াশীল শক্তিগুলোকে মানবসভ্যতার জন্য হুমকি বলে সম্মেলনে উল্লেখ করেন সিরাজুল ইসলাম চৌধুরী।

বর্তমানে ধর্মের নামে ধর্মান্ধতা দিয়ে, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে নানাভাবে সমাজকে আক্রান্ত করা হচ্ছে বলে সম্মেলনে মন্তব্য করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি মফিদুল হক। তিনি বলেন, এই সবকিছু থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই সংস্কৃতিকে আরও দৃঢ়ভাবে ধারণ করতে হবে। বাংলার সংস্কৃতি সর্বাংশে অসাম্প্রদায়িক। তাই সংস্কৃতিকে আঁকড়ে ধরে সাম্প্রদায়িক শক্তিকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে।

‘আমি মারের সাগর পাড়ি দেব’ গানটির মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী সদস্য ত্রপা মজুমদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক লিলি ইসলাম।

আজ দ্বিতীয় দিন

আজ শনিবার অনুষ্ঠিত হবে রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিন। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় হবে ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক প্যানেল আলোচনা।

বিকেলে সমাপনী অধিবেশন সাধারণ ও কিশোর—দুই বিভাগের সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।