চট্টগ্রামে চলছে নানা সবজি মেশানো পাঁজন রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৈত্রসংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে চলছে পাঁজন রান্নার আয়োজন
ছবি: জুয়েল শীল

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখকে ঘিরে চট্টগ্রামে শুরু হয়েছে নানা আয়োজন। আজ বৃহস্পতিবার চৈত্রসংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে চলছে পাঁজন রান্নার আয়োজন।

পাঁজন মূলত পাহাড়ি জনগোষ্ঠীর খাবার। তবে এখন এটি বেশির ভাগ বাড়িতে রান্না হয়।
মূলত নানা পদের শাকসবজি ও ফলের সংমিশ্রণে রান্না হয় পাঁজন। কাঁচা কাঁঠাল, ডুমুর, বেগুন, মুলা, পটোল, গাজর, লাউ, করলা, টমেটো, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, কচুমুখি, পেঁপে, শসা, কুমড়া, আলু, কলাগাছের ভেতরের কাণ্ড, শজনে, কাঁচা আম, কাঁচা কলা, লাউশাক, কচুর লতি, পুঁইশাক, কলমিশাকসহ নানা পদ ব্যবহার করে রান্না হয় পাঁজন।

বিভিন্ন শাকসবজির পুষ্টিগুণসম্পন্ন এই পাঁজন খেলে নানা রোগ সেরে যায় বলেও অনেকে বিশ্বাস করেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বহদ্দারহাট, চকবাজার, হাজারী লেইন ও উত্তর কাট্টলী এলাকার আশপাশের বাজার ঘুরে দেখা গেছে, পাঁজনের শাকসবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। একজন ক্রেতা সব উপকরণ থেকে মিলিয়ে এক কেজি পরিমাণ পাঁজনের শাকসবজি কিনতে পারছেন। এতে খরচ হচ্ছে ৮০ টাকা। কেউ চাইলে আলাদা আলাদাও কিনতে পারবেন। তবে সে ক্ষেত্রে দাম পড়ছে প্রতি কেজি সবজি ৫০ থেকে ৮০ টাকা।

কাট্টলি এলাকায় কথা হয় টেলিকম দোকানি সুব্রত আচার্যের সঙ্গে। তিনি বলেন, অনেকের বিশ্বাস—পাঁজন খেলে রোগবালাই সেরে যায়। বৈশাখ এলেই পাঁজন থাকে তাঁর পরিবারের খাদ্যতালিকায়।

চকবাজার এলাকায় সবজি ব্যবসায়ী মোহাম্মদ মিয়া বলেন, সকাল থেকেই পাঁজনের সবজি বিক্রি শুরু হয়েছে। নানা শ্রেণি-পেশার মানুষ এসেছেন নতুন বছরে পাঁজন রান্নার উপকরণ কিনতে। বেচাবিক্রিও তাই ভালো হচ্ছে।

শাকসবজির পাশাপাশি বাজারে বিক্রি হচ্ছে নানা পদের ডাল ও শস্য। এর মধ্যে মটর (ডাবলি) পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৬২ থেকে ৬৫ টাকায়। এ ছাড়া প্রতি কেজি মসুর ১০০ থেকে ১৩০, ছোলা ৮০ থেকে ৯০, কলাই ৬৫-৭০ ও গম ৫৫ থেকে ৫৮ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি বৈশাখকে সামনে রেখে এসব দোকানে মুড়ি, মোয়া, চানাচুর, বাদাম ও আটকড়াইও বিক্রি হচ্ছে।

নগরের বিভিন্ন বাজার ঘুরে খুব বেশি ইলিশ মাছ দেখা যায়নি। ব্যবসায়ীরা তাই রুই-কাতলা নিয়ে বসেছেন বাজারে। প্রতি কেজি রুই ও কাতলা পাওয়া যাচ্ছে ২৬০ থেকে ৩৪০ টাকায়। ক্রেতারা বলেন, মাঝারি ও ছোট আকারের মাছের দাম হাতের নাগালে রয়েছে। তাই মাংসের তুলনায় মাছই বেশি কেনা হচ্ছে।

চট্টগ্রাম জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক বিক্রম জিৎ রায় প্রথম আলোকে বলেন, এখন ইলিশের মৌসুম নয়। তাই বাজারে ইলিশের সরবরাহ নেই। তবে অল্প কিছু বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে।