ইনুর সঙ্গে শৃঙ্খলাবহির্ভূত আলাপ, দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকোলাজ: বাসস

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা–নেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আলাপ করায় পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে গতকাল বুধবার এ ব্যবস্থা গ্রহণ করতে বলে পত্র জারি করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান।

চিঠিতে বলা হয়েছে, বুধবার (গতকাল) ট্রাইব্যুনালের আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা–নেওয়ার পথে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ–আলোচনা করেছেন বলে ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান হয়। তাঁদের (দুই পুলিশ সদস্য) এই শৃঙ্খলাবহির্ভূত আচরণ ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নসহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় জামাল হোসেন ও সোলাইমান হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে ট্রাইব্যুনালকে জানাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে রেজিস্ট্রার কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা চলমান আছে। বর্তমানে এই মামলা যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে।