এরিকো ও ইমরানের করা পৃথক আবেদনের ওপর আদেশ ৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিকো-ইমরান ও তাঁদের শিশুসন্তানেরা
ফাইল ছবি

জাপান থেকে আসা দুই শিশুর মা জাপানি নাগরিক এরিকো নাকানো এবং শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের করা পৃথক আবেদনের ওপর ৯ মার্চ আদেশ দেবেন আপিল বিভাগ। শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ আদেশের এ দিন ধার্য করেন।

আইনজীবীদের তথ্যমতে, আদালতের অনুমতি ছাড়া জাপান থেকে আসা দুই শিশুকে দেশের বাইরে না নেওয়ার বিষয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে এবং শিশুদের বাবার বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগে শিশুদের মা এরিকো আপিল বিভাগে পৃথক আবেদন করেছেন। আর শিশুদের মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শিশুদের বাবা ইমরান আপিল বিভাগে একটি আবেদন করেন। আবেদনগুলো আজ একসঙ্গে আদালতের কার্যতালিকায় শুনানির জন্য ওঠে।  

আদালতে শিশুদের মায়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির। বাবার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আখতার ইমাম, রাশনা ইমাম ও মোশতাক আহমেদ।

শিশুদের মায়ের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ গত বছরের ১৩ ফেব্রুয়ারি আদেশ দেন। ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটির (শিশুদের বাবার করা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মা এরিকো নাকানোর হেফাজতে থাকবে বলে আদেশে বলা হয়। শিশুদের বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়। মামলার পারিপার্শ্বিকতা ও শিশুদের স্বার্থ বিবেচনায় শিশুদের এই আদালতের অনুমতি ছাড়া এখতিয়ারের বাইরে (দেশের বাইরে) নেওয়া যাবে না বলে আদেশে উল্লেখ করা হয়।

শিশুদের বাবার আইনজীবী রাশনা ইমাম প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগের অনুমতি ছাড়া দুই শিশুকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না বলে আদেশে বলা হয়েছিল। আপিল বিভাগের এই আদেশ অমান্য করে শিশুদের মা দুবার শিশুদের নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, বিমানবন্দর থেকে তাদের ফেরানো হয়। যে কারণে আদালত অবমাননার অভিযোগে শিশুদের বাবা আবেদনটি করেন।’

শিশুদের মায়ের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘শিশুদের আপিল বিভাগের অনুমতি ছাড়া এখতিয়ারের বাইরে (দেশের বাইরে) নেওয়া যাবে না বলে আপিল বিভাগের আদেশের অংশটুকু পুনর্বিবেচনা বা প্রত্যাহার চেয়ে এরিকো আবেদন করেছেন। গত বছরের ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশ অনুসারে পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মায়ের হেফাজতে থাকবে। গত ডিসেম্বরে বিমানবন্দর থেকে তার বাবা দ্বিতীয় সন্তানকে নিয়ে যায়, এখনো শিশুটি তার বাবার কাছে আছে, যা আপিল বিভাগের আদেশের লঙ্ঘন। এ কারণে শিশুদের বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের পাশাপাশি দ্বিতীয় সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনগুলোর ওপর ৯ মার্চ আদেশের জন্য দিন রেখেছেন আপিল বিভাগ।’

জাপানের নাগরিক নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানের ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে হয়। তাঁদের তিন মেয়েসন্তান রয়েছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর একই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে রয়েছে। ইমরানের কাছ থেকে দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে ২০২১ সালের ১৯ আগস্ট রিট করেন এরিকো। অন্যদিকে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।

এরিকো ও ইমরানের পৃথক রিটের ওপর শুনানি নিয়ে দুই শিশু তাদের বাবা ইমরানের হেফাজতে থাকবে বলে ২০২১ সালের ২১ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এরিকো, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

পরে আপিল বিভাগ দুই শিশুকে তাদের মায়ের কাছে রাখার আদেশ দেন। বাবা শিশুদের সঙ্গে নির্ধারিত সময়ে দেখা করতে পারবেন বলে আদেশে বলা হয়। পাশাপাশি আবেদনকারী পক্ষকে (শিশুদের মা) নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। শিশুদের মা গত বছরের ২ ফেব্রুয়ারি নিয়মিত লিভ টু আপিল করেন, যার ওপর গত বছরের ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন।

এদিকে শিশুদের হেফাজত নিয়ে পারিবারিক আদালতে করা বাবার মামলা গত ২৯ জানুয়ারি খারিজ করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক। দুই শিশু তাদের মায়ের জিম্মায় থাকবে বলে সিদ্ধান্ত দেন আদালত। এর বিরুদ্ধে আপিল করেছেন শিশুদের বাবা।