এএসিওবিবির নতুন নির্বাহী কমিটি
অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশের (এএসিওবিবি) ২০২৬-২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মাহিয়া জুনেদকে চেয়ারপারসন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এর আগে গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে বিভিন্ন ব্যাংকের ১৫ জন ক্যামেলকোকে নতুন নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো রইস উদ্দিন আহমদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের জিএম ও ক্যামেলকো সুপ্রভা সাঈদ যথাক্রমে প্রথম সহসভাপতি ও দ্বিতীয় সহসভাপতি হিসেবে নির্বাচিত হন।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো মাহমুদুন নবী চৌধুরী এবং সিটি ব্যাংক এনএর ক্যামেলকো মো. সাইফুল হাসান যথাক্রমে প্রথম যুগ্ম সম্পাদক ও দ্বিতীয় যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির অবশিষ্ট আটজন সদস্য হিসেবে এইচএসবিসি, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, হাবিব ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকের ক্যামেলকোরা নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ক্যামেলকো হলো আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নিয়োজিত প্রধান কর্মকর্তা।