প্রস্তাবিত প্রকল্প তৈরিতে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

‘যমুনা নদী ছোট করার’ প্রস্তাবিত প্রকল্প তৈরির সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পে নদীটি সংকোচনের কোনো পরিকল্পনা নেই—পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এমন তথ্য আদালতকে জানানোর পর আজ সোমবার এ আদেশ দেওয়া হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

আদেশের বিষয়ে রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, যেহেতু প্রকল্প এখনো চূড়ান্ত হয়নি এবং সরকারপক্ষ নিশ্চয়তা দিচ্ছে যে যমুনা নদী ছোট করার কোনো প্রকল্প নেওয়া হয়নি বা হবে না। তাই অসদাচরণের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনই নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আদালত। বিষয়টি ভ্রান্ত ধারণাপ্রসূত উল্লেখ করে রিটটি খারিজ করে দেওয়া হয়েছে।

এর আগে ‘যমুনা নদী ছোট করার চিন্তা’ শিরোনামে গত মার্চে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। গত এপ্রিলে প্রতিবেদনটি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে তিন আইনজীবী রিটটি করেন। এতে প্রস্তাবিত ওই প্রকল্প তৈরির সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

গত ২৮ মে রিটের শুনানিতে প্রস্তাবিত প্রকল্পসহ যাবতীয় নথি ১১ জুনের মধ্যে দাখিল করতে পাউবোর আইনজীবীকে নির্দেশ দেন হাইকোর্ট। ধার্য করা তারিখে নথিপত্র দাখিল করেন পাউবোর আইন উপদেষ্টা অরবিন্দ কুমার রায়। তিনি বলেন, ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পে নদীটি সংকোচনের কোনো পরিকল্পনা নেই। ওই প্রকল্পের এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেন।

গত মার্চে সংবাদপত্রে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যমুনা নদী প্রতিবছর বড় হয়ে যাচ্ছে। বর্ষার সময় নদীটি ১৫ থেকে ২০ কিলোমিটার প্রশস্ত হয়ে যায়। এত বড় নদীর প্রয়োজন নেই। তাই এটির প্রশস্ততা সাড়ে ছয় কিলোমিটার সংকুচিত করা হবে। যমুনাকে ছোট করার এমন পরিকল্পনা এসেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাথা থেকে। এ জন্য তাঁরা ১ হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্পও প্রণয়ন করেছেন। অর্থনৈতিক সংকটের কারণে যখন বারবার ব্যয় সংকোচনের তাগিদ দেওয়া হচ্ছে, সে সময় মন্ত্রণালয়টি কোনো গবেষণা ছাড়াই এমন প্রকল্প নিতে যাচ্ছে।