ঘূর্ণিঝড় মোখা: বেশি প্রভাব পড়তে পারে কক্সবাজার উপকূল ও সেন্ট মার্টিন দ্বীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ৮৯ থেকে ১১০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে প্রথমেই দেশের উপকূলের খুলনা–সাতক্ষীরা ও বরিশাল বিভাগের কথা উঠে আসে। কারণ, গত দেড় দশকে সব কটি ঘূর্ণিঝড় প্রথমে খুলনা, সাতক্ষীরা ও বরিশাল উপকূলে আঘাত হেনেছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ এবার পুরোনো পথ বাদ দিয়ে কক্সবাজার ও মিয়ানমার উপকূলের দিকে এগোচ্ছে। আর ওই এলাকা শুধু ঘূর্ণিঝড়ের বাতাসের গতির কারণেই ঝুঁকিপূর্ণ, তেমনটা নয়। অতিবৃষ্টিতেও সেখানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১৪ মে (রোববার) কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়তে পারে টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী ও কুতুবদিয়ায়। উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৯ থেকে ১১০ কিলোমিটার। এর প্রভাবে তীব্র বাতাসের পাশাপাশি স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় পুরোটা জলোচ্ছ্বাসের সময় ডুবে যেতে পারে। এর চারপাশে বাঁধ না থাকায় এবং সেখানে প্রচুর অবকাঠামো থাকায় ঝুঁকি সবচেয়ে বেশি।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শামিম হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে কক্সবাজার উপকূল ও সেন্ট মার্টিন দ্বীপে। ওই দ্বীপের বড় অংশ জলোচ্ছ্বাসের কবলে পড়তে পারে। আর ঝড়ের সময় এবং আগে–পরে যে বৃষ্টি হবে, তাতে কক্সবাজার এলাকায় ভূমিধসের আশঙ্কাও আছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়টি যে এলাকা ও দ্বীপে আঘাত হানতে পারে, তা দেশের অন্য উপকূলীয় এলাকা থেকে আলাদা। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরগুলোয় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করে, সেখানে ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ, রোহিঙ্গাদের বসতি এলাকাগুলো মূলত পাহাড়ের মধ্যে। আর ওই পাহাড়গুলোর মাটিতে বালুর পরিমাণ বেশি। ফলে ভারী বৃষ্টিতে সেখানে পাহাড়ধসের আশঙ্কাও সবচেয়ে বেশি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের বাতাসের গতি যদি মাঝারি মাত্রারও হয়, বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা আছে।

ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে কক্সবাজার উপকূল ও সেন্ট মার্টিন দ্বীপে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের শিক্ষক এ কে এম মাকসুদ কামালের নেতৃত্বে একদল গবেষক ২০১৭ সাল থেকে রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকার পাহাড়গুলোর প্রকৃতি ও ঝুঁকি নিয়ে গবেষণা করছেন। এ ব্যাপারে তাঁরা সরকারকে পরামর্শও দিচ্ছেন। ওই দল গত মার্চে রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোর পাহাড়ের অবস্থা পর্যবেক্ষণ করেছে। তাতে দেখা গেছে, এরই মধ্যে ওই পাহাড়গুলোর বিভিন্ন স্থানে ফাটল তৈরি হয়েছে। অনেক জায়গায় বৃষ্টি ছাড়াই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাহাড়গুলোর ফাটল দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করবে। আর ওই সম্ভাব্য ঝড়ের সঙ্গে আসা প্রবল বৃষ্টির কারণে ওই ফাটলগুলো দ্রুত ভেঙে পড়ে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা আছে। তাই আশ্রয়শিবিরের ভেতরের অস্থায়ী যে শক্ত অবকাঠামোগুলো রয়েছে, সেখানে দ্রুত তাদের স্থানান্তর করা উচিত। এ ছাড়া শিবিরের পাশের কিছু সমতল এলাকা আছে, সেখানেও সরানো যেতে পারে। আর ঝড় থেমে যাওয়ার পর ওই পাহাড়গুলো পরীক্ষা করে তারপর সেখানে তাদের আবার ফিরে যেতে দিতে হবে। কারণ, পাহাড়ের ফাটলে পানি ঢুকলে সেখানে সপ্তাহ বা মাসখানেক পরেও ধসের আশঙ্কা থাকে।

এদিকে রোহিঙ্গা শিবিরের জন্য তৈরি করা সরকারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) পক্ষ থেকে বৃহস্পতিবার রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি ও সম্ভাব্য ঝড়ের প্রস্তুতি নিয়ে সভা হয়েছে। সেখানে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটিসহ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আশ্রয়শিবিরের ভেতরে প্রায় সোয়া তিন হাজার সেচ্ছাসেবককে প্রস্তুত রাখা ও সরকারি–বেসরকারি সংস্থাগুলোকেও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সজাগ রাখা হয়েছে।

আরও পড়ুন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সব কর্মচারী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। প্রতিটি শিবিরে তাঁরা মাইকিং করছেন এবং পাহাড়ধসের আশঙ্কা থাকা এলাকাগুলো থেকে নিরাপদ স্থানে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আরআরআরসির কমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা রোহিঙ্গা শিবিরের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ঝড়ের সময় কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে আমাদের স্বেচ্ছাসেবক ও সরকারি–বেসরকারি সংস্থার কর্মীরা কাজ করছেন।’

আরও পড়ুন