যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করেছে: রুশ দূতাবাসের কর্মকর্তা
ইরানের বিরুদ্ধে বেপরোয়া হামলার আগে সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতির যে ব্যাপকতা ও ধরন দেখা গিয়েছিল, তা থেকেই বড় ধরনের সংঘাত শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরান প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করেছে।
আজ মঙ্গলবার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সোফিয়া কুতেপোভা এ কথা বলেন।
সোফিয়া কুতেপোভা বলেন, ‘আমি ইরান যুদ্ধের প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এবং অন্য রুশ কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাই। এই সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের এক নৃশংস হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় রাশিয়া ধারাবাহিকভাবে গভীর শোক প্রকাশ করে আসছে।’
কুতেপোভা আরও বলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে ইরান প্রমাণ করেছে, তারা প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম একটি শক্তিশালী রাষ্ট্র। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরানও সহজ কোনো লক্ষ্যবস্তু হয়ে ওঠেনি। যুক্তরাষ্ট্র ইরানকে যতটা শক্তিশালী ভেবেছিল, দেশটি তার চেয়েও বেশি শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে।’
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে সোফিয়া কুতেপোভা নিজের সাংবাদিকতার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, কূটনীতিক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাশিয়ার একটি সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতায় সত্য ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য সত্য খুবই গুরুত্বপূর্ণ। পাঠক ও দর্শকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নির্ভুল তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং অত্যন্ত জরুরি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে সিমনস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ঢাকায় নিযুক্ত ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মো. নিসতার জাহান কবীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।