যে নাটকে উঠে এসেছে মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীর যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি বীরাঙ্গনা বলছি’ নাট্য প্রযোজনা নিয়ে ‘সৈয়দ জামিল আহমেদ বয়ান ও বাহাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সৈয়দ জামিল আহমেদ ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু (ডানে)
ছবি: সংগৃহীত

মানুষের চেতনার অনেক অনুভব সুপ্ত থাকে। সেই অনুভবের গল্প উঠে আসে শিল্পমাধ্যমে। তা থেকে স্পষ্ট হয় ঘটনার সময়কাল এবং পরবর্তী ইতিহাস। ভাবতে শেখায় নতুন করে। ‘আমি বীরাঙ্গনা বলছি’ এমন এক নাটক, যেখানে মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীর যন্ত্রণা ও স্বাধীন বাংলাদেশ–পরবর্তী তাদের অবস্থা তুলে ধরেছে।

এসব কথা উঠে এল ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাট্য প্রযোজনা নিয়ে ‘সৈয়দ জামিল আহমেদ বয়ান ও বাহাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে। আজ শনিবার সকালে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয় এ আলোচনা অনুষ্ঠান। আলোচনা পর্বে অংশ নিয়েছেন শিল্পী, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা। সবার প্রশ্নের উত্তর দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

সৈয়দ জামিল আহমেদ বলেন, দর্শকের চেতনায় নাড়া দেওয়াই ছিল নাটকটির অন্যতম উদ্দেশ্য। এ ক্ষেত্রে প্রচলিত ধারা থেকে অনেক নতুন কিছু সংযোজিত হয়েছে উপস্থাপন কৌশলে। তিনি বলেন, পুরো রাষ্ট্রের শিক্ষাব্যবস্থা এবং মানুষের শিল্পচর্চা যতক্ষণ পর্যন্ত শক্ত জায়গায় না যাবে, ততক্ষণ নাটক একটি অনুঘটক হিসেবে রয়ে যাবে। নাটককে সামাজিক ক্রিয়ার হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। তিনি সৈয়দ জামিল আহমেদের কথার সূত্র ধরে বলেন, ’৭১–এর পর সামাজিক অনেক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রত্যাশা থাকলেও এতে বিশেষ পরিবর্তন ঘটেনি। ফলে বীরাঙ্গনারা নানাভাবে নির্যাতনের শিকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের হাতে এবং যুদ্ধ–উত্তর বাংলাদেশে অনেক বাঙালির হাতেও নির্যাতনের শিকার হয়েছেন তাঁরা।

‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটক নিয়ে আলোচনা করতে গিয়ে নাসির উদ্দীন ইউসুফ উল্লেখ করেন, ‘মানুষ বেঁচে থাকে শিল্পে। ড. নীলিমা ইব্রাহিম যেমন বীরাঙ্গনাদের কথা তুলে ধরে তাদের অবদান কতটা গুরুত্বপূর্ণ, তা আরও স্পষ্ট করেছেন। তেমনি এর নাট্যরূপ আরও নতুন করে আমাদের ভাবাতে সাহায্য করবে।’  

আলোচনার দ্বিতীয় পর্ব ছিল প্রশ্নোত্তরের। নাট্যজন মামুনুর রশীদ বলেন, এই নাটকের মধ্য দিয়ে বীরাঙ্গনাদের নতুন করে চিনবে মানুষ। তৈরি হবে নতুন ভাবনা। বাংলাদেশে গত ৫০ বছরে মঞ্চস্থ হওয়া নাটকগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়নি; এগুলো নিয়ে আরও বেশি আলোচনার প্রয়োজন ছিল।

আলোচনায় উপস্থিত ছিলেন নাট্যজন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের। নাটকে মেহেরজানের (একজন বীরাঙ্গনার চরিত্র) সিদ্ধান্ত গ্রহণ নিয়ে নিজের মতপ্রকাশ করেন তিনি।

নীলিমা ইব্রাহীমের গ্রন্থ ‘আমি বীরাঙ্গনা বলছি’ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের এক নির্মম দলিল। এই দলিলে বিবৃত হয়েছে সমাজের ভিন্ন ভিন্ন পর্যায় থেকে উঠে আসা সাতজন বীরাঙ্গনা নারীর বয়ান। এ বীরাঙ্গনাদের কষ্ট যাত্রায় দরজির মেয়ে আছেন, আছেন গ্রামের বিত্তশালী কৃষকের মেয়ে, আবার শহরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থেকে রাজনীতিবিদের মেয়েও আছেন। তাঁদের মধ্যে বড় মিল, জীবন যুদ্ধে তাঁরা কেউ পরাজিত নন। তবুও তাঁরা নির্যাতিত হয়েছেন বারবার। সেই সব বীরাঙ্গনাদের কথা নিয়েই তৈরি হয়েছে নাটক ‘আমি বীরাঙ্গনা বলছি’।

তিন মাসের মহড়ার পর ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ’–এর প্রযোজনায় মঞ্চস্থ হয় এ নাটক। নাটকের অল্প কিছু শব্দ বাদ দিয়ে পুরোটাই নীলিমা ইব্রাহিমের তৈরি দলিলে বিবৃত বীরাঙ্গনাদের বয়ান থেকে নেওয়া হয়েছে।