আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ, নানা আয়োজন

আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের আয়োজনে শোভাযাত্রাছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ সোমবার (১৮ মে)। এবার দিবসটির প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর’।

দিবসটি উপলক্ষে জাতীয় জাদুঘর দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে আছে শোভাযাত্রা, বিশেষ প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মসূচি সম্পর্কে জাতীয় জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত শোভাযাত্রা। এরপর জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বিশেষ প্রদর্শনী। জাদুঘরের প্রধান মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় দিবসটির প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আলোচনা। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

হেরিটেজ ফাউন্ডেশনের আয়োজন

দিবসটি উপলক্ষে হেরিটেজ ফাউন্ডেশন গত শনিবার অনলাইনে সেমিনার আয়োজন করে। এতে ‘জাদুঘর, স্মৃতি ও শান্তি প্রতিষ্ঠা: সামাজিক সংহতি জোরদারে প্রাতিষ্ঠানিক ভূমিকা’ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এই প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইকম) যুক্তরাষ্ট্রের সদস্য নন্দন শাস্ত্রী। সেমিনারে বর্তমান বিভক্ত বিশ্বের মেলবন্ধনে জাদুঘরের ভূমিকা বিষয়ে আইকম প্রেসিডেন্ট অ্যান্টনি রোডগুজের ভিডিও বার্তা প্রচার করা হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিভক্ত বিশ্বের বাস্তবতায় জাদুঘর এক আশার আলো। এটি অতীতের শিক্ষা থেকে বর্তমানকে বুঝতে সাহায্য করে। ভবিষ্যতের জন্য সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও সংহত সমাজ গঠনে অবদান রাখে। তাই আন্তর্জাতিক জাদুঘর দিবসে অঙ্গীকার হওয়া উচিত, জাদুঘরকে শুধু প্রদর্শনীর স্থান হিসেবে নয়, বরং মানবতার মিলনমেলা হিসেবে গড়ে তোলা।

আলোচনায় অংশগ্রহণ করেন সার্ক কালচারাল সেন্টারের উপপরিচালক অধ্যাপক শিকদার জুলকারনাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মোহাম্মদ সোহরাব উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতিমা জামিলা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের জাদুঘর, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক বিশেষজ্ঞরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে ১৫ মে জাহানারা ফাউন্ডেশন ও হেরিটেজ ফাউন্ডেশন যৌথভাবে ‘আগামীকাল প্রতিধ্বনি: ঐক্যের জাদুঘর’ শীর্ষক সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক আলম আরা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তোশাখানা জাদুঘরের কিউরেটর রাশেদুল আলম প্রদীপ। আলোচনা করেন আইকম বাংলাদেশের সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার মো. সেরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জিনাত পারভীন। স্বাগত বক্তব্য দেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদ জানান জাহানারা ফাউন্ডেশন জাদুঘরের সেক্রেটারি আনজালুর রহমান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জাহানারা ফাউন্ডেশন জাদুঘর ঘুরে দেখেন। পারিবারিক সংগ্রহে একটি সমৃদ্ধ জাদুঘর দেখে তাঁরা ভূয়সী প্রশংসা করেন।