বিবি রাসেলকে আমরা চিনি আন্তর্জাতিক মডেল হিসেবে। লন্ডনের র্যাম্প থেকে বিশ্বের ফ্যাশনজগৎ—সবখানেই ছিল তাঁর বিচরণ। রোলস–রয়েস, জাগুয়ার, বিএমডব্লিউর বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। কিন্তু বিবি রাসেলের নিজের পরিচয় অন্য জায়গায়। তিনি বাংলাদেশকে সঙ্গে নিয়ে পৃথিবীতে যেতে চান। আবার পৃথিবীর অভিজ্ঞতা নিয়ে ফিরতে চান বাংলাদেশের গ্রামে।
‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ শীর্ষক নিয়মিত সাক্ষাৎকারের অংশ হিসেবে আমরা মুখোমুখি হয়েছিলাম তাঁর।
বিবি রাসেল কথায় কথায় বললেন, ‘আমার দুটা পা মাটিতে। আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে।’
এই মাটির সঙ্গে তাঁর সম্পর্কের শুরু শৈশবে। তাঁর মায়ের দেশ ঢাকা, বাবার দেশ রংপুর, জন্ম চট্টগ্রামে। ছোটবেলা কেটেছে পুরান ঢাকায়। হাটখোলা, ভূতের গলি, র্যাংকিন স্ট্রিট—এসব জায়গার স্মৃতি তাঁর মনে গেঁথে আছে। র্যাংকিন স্ট্রিটের ৩১ নম্বর বাড়িতে থাকতেন তাঁরা। বাড়িতে আসতেন শিল্পী, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংস্কৃতিক আন্দোলনের মানুষেরা।
বিবি রাসেল বললেন, ‘শৈশবে আমি কাকে না দেখেছি!’
জয়নুল আবেদিন, কামরুল হাসান, মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী—অনেক শিল্পীকে কাছ থেকে দেখেছেন। তাঁদের সঙ্গে ছিল পরিবারের যোগাযোগ। বাড়িতে এসেছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তাঁর মা সেতার শিখতেন। সংগীতের মানুষদের যাতায়াত ছিল বাড়িতে। ছোটবেলায় বহুরূপীর রক্তকরবী দেখেছেন। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উদয়শঙ্করের নাম তাঁর কাছে বইয়ের পাতার নাম ছিল না।
বিবি রাসেলের ভাষায়, ‘এটা কিন্তু ফ্যামিলিগতভাবে শেখা। এটাই একটা মানুষকে তৈরি করে।’
বিবি রাসেল কথায় কথায় বললেন, ‘আমার দুটা পা মাটিতে। আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে।’
‘তুমি একটা সানশাইন’
কামরুন্নেসা স্কুলে পড়েছেন। পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন না। তবে শিক্ষকদের আদর পেয়েছেন। সিদ্দিকা কবীর, হুসনা বানু খানম, সাবেরা মোস্তফার মতো শিক্ষকেরা তাঁকে ভালোবাসতেন। ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহ ছিল। ভাবতেন আর্ট কলেজে পড়বেন। ডিজাইনার না হলে হয়তো স্থপতি হতেন।
তাঁর বাবা তাঁকে সেলাইয়ের মেশিন কিনে দিয়েছিলেন ১০ বছর বয়সে। প্রথমে কাঁচি ধরতেও পারতেন না। পরে ১৫-১৬ বছর বয়সে বাবার দেওয়া কোকো শ্যানেলের ফ্যাশনবিষয়ক একটি বই পড়লেন। বুঝতে পারলেন, ফ্যাশনেরও একটা ব্যাকরণ আছে।
এরপর লন্ডনে পড়তে যাওয়া। লন্ডন কলেজ অব ফ্যাশনে ভর্তি হলেন। কিন্তু বিদেশে গিয়ে জীবনটা সহজ ছিল না। পড়াশোনার খরচ জোগাতে প্রথম এক বছর পোস্ট অফিসে চিঠি বিলি করেছেন। দিনের বেলা কাজ, ক্লাস, সন্ধ্যায় পড়াশোনা। সপ্তাহান্তে অন্য কাজও করেছেন।
তাঁর বাবা তাঁকে সেলাইয়ের মেশিন কিনে দিয়েছিলেন ১০ বছর বয়সে। প্রথমে কাঁচি ধরতেও পারতেন না। পরে ১৫-১৬ বছর বয়সে বাবার দেওয়া কোকো শ্যানেলের ফ্যাশনবিষয়ক একটি বই পড়লেন। বুঝতে পারলেন, ফ্যাশনেরও একটা ব্যাকরণ আছে।
একসময় শিক্ষক তাঁকে বললেন, ‘তুমি একটা সানশাইন।’ কলেজের শেষ বর্ষের কাজ নিয়ে শিক্ষক খুশি ছিলেন। সেখান থেকেই সুযোগ এল বিশ্বের বড় ফ্যাশন সাময়িকী ভোগ ও হারপার্স বাজার–এ কাজ করার। ফোরটিন পেজে কাজের প্রস্তাব পেয়েছিলেন। পরে মডেলিংয়ের জগতে পরিচিতি তৈরি হলো।
বিবি রাসেল মনে করেন, তাঁর এই সাফল্যের পেছনে বাংলাদেশের পরিচয় বড় ভূমিকা রেখেছে। তিনি বললেন, ‘আমার এক ফোঁটা সাকসেস, আই ও দিস টু বাংলাদেশ।’
বাংলাদেশ থেকে আসা একজন বাঙালি মেয়ে আন্তর্জাতিক ফ্যাশনজগতে কাজ করছেন—এটা অনেকের কাছেই ছিল বিস্ময়ের। রোলস–রয়েস, জাগুয়ার, বিএমডব্লিউর বিজ্ঞাপনে কাজ করেছেন। তাঁর এজেন্ট যখন রোলস–রয়েসের বিজ্ঞাপনের জন্য সাক্ষাৎকার দিতে বললেন, প্রথমে যেতে চাননি। তাঁর ধারণা ছিল, এ ধরনের বিজ্ঞাপনে সাধারণত নীল চোখ, স্বর্ণকেশী মডেলদেরই নেওয়া হয়। শেষ পর্যন্ত গেলেন। কাজটিও পেলেন।
ছোটবেলায় তিনি বাবাকে বলতেন, ‘ওই যে দেখো আসছে যে ফল বিক্রি করছে, মাছ বিক্রি করছে, লুঙ্গির রং কী সুন্দর কালার কম্বিনেশন!’
বিবি প্রোডাকশনের যাত্রা
১৯৯৪ সালে বাংলাদেশে ফিরে আসেন। ১৯৯৫ সালের ১৩ জুলাই শুরু করেন বিবি প্রোডাকশন। ১৯৯৬ সালে প্যারিসে তাঁর প্রথম ফ্যাশন শো হয়। কিন্তু তাঁর কাজের মূল জায়গা হয়ে উঠল বাংলাদেশের গ্রাম। বিভিন্ন গ্রাম থেকে ছেলে–মেয়ে বেছে নিয়ে প্রশিক্ষণ দিতে শুরু করলেন। তাঁর প্রতিষ্ঠানে নিজের আত্মীয়স্বজনের কেউ কাজ করেন না। সাধারণ পরিবারের ছেলেমেয়েরাই কাজ করেন।
বিবি রাসেল বললেন, ‘আমি জানি কারা উঠাবে—সাধারণ ঘরের ছেলেমেয়েরা।’
বাংলাদেশের রং, মানুষের পোশাক, গ্রামীণ জীবনের উপকরণ তাঁর নকশায় জায়গা করে নিয়েছে। পুরান ঢাকার ফেরিওয়ালা, ফল বিক্রেতা, মাছ বিক্রেতা, মানুষের লুঙ্গি—সবকিছুই তাঁকে অনুপ্রাণিত করেছে। ছোটবেলায় তিনি বাবাকে বলতেন, ‘ওই যে দেখো আসছে যে ফল বিক্রি করছে, মাছ বিক্রি করছে, লুঙ্গির রং কী সুন্দর কালার কম্বিনেশন!’
গামছা তাঁর কাছে তেমনই একটি উপকরণ। গামছাকে শুধু গামছা হিসেবে না দেখে তিনি তার নকশা ও রংকে নতুনভাবে ব্যবহার করতে চেয়েছেন। বললেন, ‘এটাকেই অরিজিনালিটিটা রেখে আপনি সফিস্টিকেটেড করেন।’
মসলিন নিয়েও আগ্রহ আছে বিবি রাসেলের। তবে মসলিনের নামে নকল কাপড় বাজারে প্রচারিত হওয়ার বিষয়ে তিনি সতর্ক। তাঁর মতে, ঐতিহ্যকে কাজে লাগাতে হলে গবেষণা ও সঠিক কাজ দরকার। শুধু নাম ব্যবহার করে কোনো শিল্পকে বাঁচানো যায় না।
বিবি রাসেল এখন ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে যুক্ত। এর উদ্দেশ্য, বিদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি তরুণদের দেশের সঙ্গে যুক্ত করা। তাঁরা যেন নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কাজে লাগাতে পারেন। তিনি মনে করেন, বাংলাদেশের মানুষের সৃজনশীলতাকে অর্থনীতির কাজে লাগানো সম্ভব। কৃষি, ফ্যাশন, ডিজিটাল প্রযুক্তি—সবই সৃজনশীল অর্থনীতির অংশ।
বিবি রাসেলের জীবনের গল্প শুনতে শুনতে মনে হয়, আন্তর্জাতিক খ্যাতি তাঁর কাছে শেষ কথা নয়। নিজের শিকড়ের কাছে ফিরে আসাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর নানা দেশে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের গ্রাম, মানুষের পোশাক, রং আর সৃজনশীলতাকে সঙ্গে নিয়েই তাঁর পথচলা।
শিকড়ের কাছে ফেরাই গুরুত্বপূর্ণ
সাক্ষাৎকারের শেষ দিকে নতুন প্রজন্মের জন্য তাঁর একটি কথা ছিল। বাংলাদেশের নিজের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে। অন্য মানুষের মর্যাদাকেও সম্মান করতে হবে।
বিবি রাসেল বললেন, ‘আমাদের প্রাউড করার মতো অনেক জিনিস আছে।’ আরও বললেন, ‘নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, নিজেদের ঐতিহ্য ভোলা আমি বিশ্বাসই করি না। আর যেকোনো মানুষকে তার হিউম্যান ডিগনিটির রেসপেক্ট করতে হবে, প্লিজ।’
বিবি রাসেলের জীবনের গল্প শুনতে শুনতে মনে হয়, আন্তর্জাতিক খ্যাতি তাঁর কাছে শেষ কথা নয়। নিজের শিকড়ের কাছে ফিরে আসাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর নানা দেশে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের গ্রাম, মানুষের পোশাক, রং আর সৃজনশীলতাকে সঙ্গে নিয়েই তাঁর পথচলা।
তাঁর কথায়, ‘আমার চোখ-কান সব ভরা বাংলাদেশ নিয়ে।’
