পুলিশের আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশছবি: পুলিশের ফেসবুক পেজ

পুলিশের আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার তিনজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা রয়েছেন।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বদলির এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট তাঁকে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। ওই আদেশ বাতিল করা হয়েছে। আর র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) জাহিদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানকে র‍্যাবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল মিয়াকে গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি), খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং জিএমপির সহকারী পুলিশ কমিশনার অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহারে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির আদেশপ্রাপ্ত এই কর্মকর্তাদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৭ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।