দলীয় রাজনীতি চলবে কি না, তা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে নির্ধারিত: এপিইউবি
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্রসংগঠনের (ছাত্রলীগ) কমিটি গঠন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে উদ্বেগ জানাচ্ছেন। এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।
সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানদের এক চিঠিতে সংগঠনটি বলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে নির্ধারিত। অর্থাৎ কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করা যাবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়মে নির্ধারিত হবে।
সংগঠনটির পক্ষে বুধবার দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানদের এ চিঠি পাঠান এপিইউবির চেয়ারম্যান শেখ কবির হোসেন।
১ ও ২ সেপ্টেম্বর দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এ কমিটি গঠন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা ইতিমধ্যেই তাঁদের উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষও ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এপিইউবির চিঠিতে বলা হয়েছে, ট্রাস্টের অধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মূলত সেশনজটমুক্ত অলাভজনক ও অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার সময় থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের পলিসি (নীতি), শৃঙ্খলা ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বিশ্বমানের পাঠ্যসূচি, সেমিস্টারভিত্তিক কর্মোপযোগী আধুনিক শিক্ষাদান পদ্ধতি, সেশনজট ও রাজনৈতিক সংঘাতমুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের রাজনীতি-সচেতনতা ও সম্পৃক্ততাকে নিরুৎসাহিত করে না বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে নির্ধারিত।
চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের জন্য সহশিক্ষা ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থী-সংগঠন তথা বিভিন্ন বিভাগ ও বিষয়ভিত্তিক ‘স্টুডেন্ট ক্লাব’ নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব ক্লাবের ব্যবস্থাপনায় ‘স্টুডেন্ট কমিটির’ মাধ্যমে নিয়মিতভাবে আয়োজিত সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা, মন ও শরীর গঠনের মতো আবশ্যিক কাজগুলো আন্তবিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে উপাচার্যরা শান্তিশৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রেখে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহমত ও সন্তুষ্ট। ক্যাম্পাসের বাইরে ইতিবাচক রাজনীতির ধারায় অংশগ্রহণ করার বিষয় একান্তই শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা ঠিক করবেন। এপিইউবি মনে করে, বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নীতি, শৃঙ্খলা ও নিয়মকানুন অনুযায়ী শিক্ষার্থীদের লেখাপড়ার উপযুক্ত পরিবেশ বজায় রাখার স্বার্থে যথাযথ সিদ্ধান্ত নেবে।
৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির দেওয়া বক্তব্যকে স্বাগত জানান বলে চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, শিক্ষামন্ত্রী যথার্থই বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কী নিয়মকানুন করল, কোন রাজনৈতিক দলের কী ব্যবস্থা হলো, সেটি শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিষয়। সেটি শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় হস্তক্ষেপও করে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না, তা সেই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবে।’
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, প্রতিষ্ঠার সময় থেকেই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ আছে। ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল অতীত থাকলেও বর্তমানে তা হানাহানি, রক্তপাত, চাঁদাবাজিসহ নানা নেতিবাচক ঘটনায় কলুষিত। ছাত্ররাজনীতির হাতে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই জিম্মি হয়ে পড়েছে। যখন যে দল রাষ্ট্রক্ষমতায় থাকে, তখন তাদের ছাত্রসংগঠন সংঘাত, ক্ষমতার অপব্যবহারসহ বিতর্কিত কর্মকাণ্ড করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে। ছাত্ররাজনীতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার হত্যার মতো ঘটনাও ঘটেছে। এ কারণে সেখানে এখন ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এসব মিলিয়ে তাঁরা চান না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চালু হোক।
পরিসংখ্যানে দেখা যায়, ছাত্ররাজনীতি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এমন আশঙ্কা অমূলক নয়। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক হিসাব বলছে, গত দুই বছরে (২০২০ থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত) অভ্যন্তরীণ কোন্দলে (ছাত্রলীগ বনাম ছাত্রলীগ) সংঘর্ষে ৬ জন নিহত ও ২২০ জন আহত হয়েছেন। একই সময়ে ছাত্রলীগের সঙ্গে অন্য রাজনৈতিক দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাতে ৩ জন নিহত ও ৫২০ জন আহত হয়েছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠন ছাত্রদলের পৃথক কমিটি না থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নামে একটি ইউনিট কমিটি আছে। ছাত্রদল শিগগিরই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পৃথক কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্ররাজনীতি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার দায় পুরোপুরি ছাত্রলীগের। তাদের অপকর্মের কারণেই সেখানে ছাত্ররাজনীতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আওয়ামী লীগও এ দায় এড়াতে পারে না।
শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একসময় ছাত্ররাজনীতির যে আদর্শিক চরিত্র (দেশের প্রয়োজনে মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলা) ছিল, তা এখন থাকলে কোনো আপত্তি ছিল না। কিন্তু এখনকার দলীয় রাজনীতির রূপটা খুব আকর্ষণীয় নয়। ছাত্ররাজনীতি পথ হারিয়েছে। আদর্শ হারিয়ে ছাত্ররাজনীতি এখন ক্ষমতাকেন্দ্রিক ও নেতাসর্বস্ব হয়ে গেছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যেসব খবর পাওয়া যায়, সেখানে কিছু ভয়ের ছবিও পাওয়া যায়। এই রাজনীতির চর্চাটা সর্বত্র ছড়িয়ে দেওয়াটা খুব দরকার বলে মনে হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মধ্যবিত্ত অভিভাবকেরাও সন্তানদের অনেক পয়সা দিয়ে পড়ান। সেখানে ছাত্ররাজনীতির কারণে দিনের পর দিন নষ্ট হলে তার ক্ষতিপূরণ কে দেবে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি না রাখাটাকে আমি যৌক্তিক বলে মনে করি।’
যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির অনুমোদন না দিলে সেখানে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে বলে মনে করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি থাকা উচিত বলে আমরা মনে করি। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্ররাজনীতিকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। তাঁদের উদ্দেশে বলব, ছাত্ররাজনীতি বন্ধ করে দয়া করে জঙ্গিবাদকে প্রশ্রয় দেবেন না। শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে ছাত্ররাজনীতি করার সুযোগ দেওয়া হোক।’