১০ বছর পর যেভাবে স্বাস্থ্য খাতের সাফল্য মাপতে চাই

তৌফিক জোয়ার্দার: সহযোগী অধ্যাপক, ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুল, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সবাই উন্নত স্বাস্থ্যব্যবস্থা চাই। কিন্তু উন্নত বলতে কী বুঝি? প্রত্যন্ত নীলকমল ইউনিয়নের কৃষক রহিম মিয়ার কাছে এর অর্থ হয়তো কাছের স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক পাওয়া। সেই চিকিৎসকের কাছে আবার জরাজীর্ণ ভবন, আবাসন ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া সেখানে কাজ করা দুঃস্বপ্ন। অন্যদিকে জনস্বাস্থ্যবিশেষজ্ঞ চাইবেন চিকিৎসক যেন সময় ও সহমর্মিতার সঙ্গে রোগী দেখেন। উন্নত স্বাস্থ্যব্যবস্থা তাহলে এটি এমন এক পরিস্থিতি, যা রোগ প্রতিরোধ করে, অসুস্থ মানুষকে সেবা দেয়, চিকিৎসার ব্যয় থেকে পরিবারকে রক্ষা করে এবং নাগরিকের মর্যাদা অক্ষুণ্ন রাখে। ২০৩৬ সালের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আমরা এই লেন্সেই দেখতে চাই।

শুরু করতে হবে ‘মানুষ’ দিয়ে। দেশে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতির পাশাপাশি রয়েছে দক্ষতার ভারসাম্যহীনতা এবং গ্রাম-শহরের গভীর বৈষম্য। শুধু চিকিৎসক বাড়ালেই এর সমাধান হবে না। গ্রামীণ শিক্ষার্থীদের চিকিৎসা ও নার্সিং শিক্ষায় অগ্রাধিকার, শহরের বাইরে মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি মেডিক্যাল কলেজের সঙ্গে নার্সিং শিক্ষার সুযোগ এবং দুর্গম এলাকায় কাজের জন্য আবাসন, ভাতা ও ক্যারিয়ারে প্রণোদনা দিতে হবে। স্বাস্থ্যকর্মীদের বিদেশে যাওয়া হয়তো ঠেকানো যাবে না, কিন্তু ন্যায্য দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ বিনিয়োগ ও উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।

আরেকটি পরিবর্তন হবে নিয়োগ-পদায়নে, যার প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে অটোমেশনের মাধ্যমে। চিকিৎসক বা নার্স কোথায় কাজ করবেন, কখন বদলি কিংবা পদোন্নতি পাবেন, তা তদবির অথবা রাজনৈতিক বিবেচনায় নয়; স্বচ্ছ নিয়ম, যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে নির্ধারিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ স্বাস্থ্য জনবল তথ্যব্যবস্থায় প্রত্যেকে নিজের অবস্থান ও সিদ্ধান্তের কারণ দেখতে পারবেন, আপিলও করতে পারবেন। আরও বড় উদ্ভাবন হলো রোগীর ইলেকট্রনিক হেলথ রেকর্ডের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মভারভিত্তিক জনবল নির্ধারণ পদ্ধতি যুক্ত করা। কোথায় কত রোগী আসছেন, কোন সেবায় কত সময় লাগছে, আগামী মাসে কোথায় চাপ বাড়তে পারে—এসব বিশ্লেষণ করে স্বাস্থ্য ব্যবস্থাপক আগেভাগেই জনবল বিন্যাস করতে পারবেন।

শুরু করতে হবে ‘মানুষ’ দিয়ে। দেশে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতির পাশাপাশি রয়েছে দক্ষতার ভারসাম্যহীনতা এবং গ্রাম-শহরের গভীর বৈষম্য। শুধু চিকিৎসক বাড়ালেই এর সমাধান হবে না।

১০ বছর পর প্রত্যেক নাগরিকের থাকবে একটি ইউনিক ই-হেলথ কার্ড। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত এই পরিচয় দেশের সব হাসপাতাল, ক্লিনিক, পরীক্ষাগার ও অনুমোদিত ফার্মেসিতে ব্যবহার করা যাবে। রোগীর সম্মতিসাপেক্ষে চিকিৎসক দেখবেন আগের পরীক্ষা, ওষুধ, অ্যালার্জি ও চিকিৎসার ইতিহাস; বারবার একই পরীক্ষা করতে হবে না। অনলাইন রেফারেল ও ফলোআপ চলবে একই ব্যবস্থায়। কঠোর তথ্য সুরক্ষা ছাড়া অবশ্য এমন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। জাতীয় রিয়েলটাইম ড্যাশবোর্ডে দেখা যাবে কোথায় শয্যা খালি, কোথায় ওষুধ ফুরাচ্ছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কি না, কোন যন্ত্র অচল কিংবা কোথায় রোগীর অপেক্ষা বাড়ছে। তথ্যই হবে স্বাস্থ্য-সিদ্ধান্তের ভিত্তি।

কমিউনিটি স্বাস্থ্যকর্মীর হাতে সহজ রোগনির্ণয় যন্ত্র, টেলিমেডিসিন ও নিরাপদ এআইভিত্তিক সিদ্ধান্ত সহায়তা পৌঁছে দিলে স্বাস্থ্যসেবা মানুষের দরজায় যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল হেলথ প্রযুক্তি চিকিৎসকের বিকল্প নয়, বরং তার দক্ষতা বৃদ্ধির উপায় হবে। জাতীয় ই-প্রেসক্রিপশন পোর্টাল ব্যবহার করে চিকিৎসক ব্যবস্থাপত্র লিখবেন এবং জাতীয় ফার্মেসি নেটওয়ার্কে প্রশিক্ষিত ফার্মাসিস্ট ওষুধের মাত্রা, পারস্পরিক প্রতিক্রিয়া ও ব্যবহার যাচাই করে ওষুধ রোগীর হাতে তুলে দেবেন। প্রেসক্রিপশন অডিট এবং অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার কমাবে। সরকারি ওষুধের মজুতও নাগরিকেরা অনলাইনে দেখতে পাবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
ছবি: প্রথম আলো

রোগনির্ণয়ে আস্থা ফিরিয়ে আনতে প্রতিটি পরীক্ষাগারের লাইসেন্স, বিশেষজ্ঞ তত্ত্বাবধান ও নিয়মিত মান যাচাই নিশ্চিত হবে। প্রত্যন্ত এলাকার নমুনা আঞ্চলিক রেফারেন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে ডিজিটাল রিপোর্ট দেওয়া যাবে। বাংলাদেশকে ওষুধের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক টিকা গবেষণা ও উৎপাদনেও সক্ষম হতে হবে। বিশেষ করে বাংলাদেশ হয়ে উঠবে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকা উৎপাদনের অন্যতম প্রধান উৎস।

ভবিষ্যতের জন্য চাই ব্যক্তির জন্য কাস্টোমাইজড চিকিৎসার সক্ষমতা, যা প্রিসিশন মেডিসিন নামে পরিচিত। এ পদ্ধতিতে জেনেটিকসের সঙ্গে এআই সমন্বয় করে জিনগত বৈশিষ্ট্য, জীবনাচরণ ও স্বাস্থ্যতথ্য একসঙ্গে বিশ্লেষণ করে চিকিৎসাকে আরও পুঙ্খানুপুঙ্খ করা যায়। বিশেষ করে ভবিষ্যতে যখন ক্যানসারসহ বয়োবৃদ্ধিজনিত অসংক্রামক রোগের আরও বিস্তার ঘটবে, তখন প্রিসিশন মেডিসিনের মাধ্যমে ক্যানসারের সুনির্দিষ্ট চিকিৎসা, বংশগত রোগ শনাক্তকরণ এবং কোন রোগীর শরীরে কোন ওষুধ কত মাত্রায় সর্বোচ্চ কার্যকর, তা বোঝা সহজ হবে। কিন্তু প্রযুক্তির মোহে যেন প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব হারিয়ে না যায়। জনগণের সম্মতি, জিনগত তথ্যের গোপনীয়তা এবং ধনী-দরিদ্রের সমান সুযোগ নিশ্চিত করেই এসব প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে।

স্বাস্থ্যসেবা মানে কেবল রোগ হলে চিকিৎসা নয়। ২০১৮ সালের আস্তানা ঘোষণাপত্রের আলোকে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবায় চাই কমিউনিটির অংশগ্রহণ, সমন্বিত চিকিৎসা এবং শিক্ষা, খাদ্য, পরিবেশসহ বহু খাতভিত্তিক সহযোগিতা। রোগ প্রতিরোধ, পুনর্বাসন এবং জীবনের শেষ সময়ে মর্যাদাপূর্ণ উপশমমূলক সেবাও সমান গুরুত্ব পাবে। প্রতিটি হাসপাতালে থাকবে রোগীর অধিকার সনদ, চিকিৎসার মান যাচাইয়ের চেকলিস্ট, ক্লিনিক্যাল অডিট ও অভিযোগ প্রতিকারের ব্যবস্থা। স্বাধীন অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ সেবার মান প্রকাশ করবে। স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব সুস্পষ্ট থাকবে, আবার ভিত্তিহীন অভিযোগ ও সহিংসতা থেকেও তাঁরা সুরক্ষা পাবেন।

বাংলাদেশের স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ (৭৯ শতাংশ) এখনো রোগীকে নিজের পকেট থেকে দিতে হয়। ফলে অসুখ মানেই বহু পরিবারের সঞ্চয় শেষ হওয়ার আশঙ্কা

জরুরি চিকিৎসায় বদল আরও দৃশ্যমান হতে হবে। ৯৯৯-এর সঙ্গে সংযুক্ত প্রশিক্ষিত মেডিক্যাল ডিসপ্যাচার, জীবনরক্ষাকারী সরঞ্জাম ও প্যারামেডিকসহ অ্যাম্বুলেন্স, হাসপাতালে ট্রিয়াজ এবং শয্যার রিয়েলটাইম তথ্য—এসব মিলিয়ে গড়তে হবে একটি কার্যকর ব্যবস্থা। স্কুল ও জনসমাগমস্থলে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর শেখানো হবে, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি) মেশিন মজুত থাকবে আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু কমাতে। মহামারি ও দুর্যোগের জন্য রোগ নজরদারি, জীবাণুর জিনোম বিশ্লেষণ এবং বর্জ্যপানি পরীক্ষার মাধ্যমে আগাম সতর্কতা তৈরি হবে।

কিন্তু এসব উদ্যোগ সফল হবে কীভাবে, যদি একই কর্তৃপক্ষ নীতি বানায়, সেবা দেয় এবং নিজের কাজ নিজেই মূল্যায়ন করে, আবার অর্থায়নও করে? চাই দায়িত্বের প্রাতিষ্ঠানিক পৃথক্‌করণ: মন্ত্রণালয় নীতির দিকনির্দেশনা দেবে, সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা পরিচালনা করবে, স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা মান যাচাই করবে, অর্থায়ন সংস্থা পুরোপুরি অর্থ মন্ত্রণালয়-নির্ভর না হয়েই অর্থ ছাড় করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আইনগত স্বাধীনতাসম্পন্ন হেলথ পলিসি অ্যান্ড সিস্টেমস রিসার্চ অ্যান্ড ইভাল্যুয়েশন ইনস্টিটিউট বা এইচপিএসআরইআই গড়ে উঠবে; যা আমলাতন্ত্র নয়, বরং গবেষণা, নীতি, বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্যে সেতুবন্ধ রচনা করবে। বিদ্যমান গবেষণাপ্রতিষ্ঠানগুলোর কাজ সমন্বয় করে দেখবে কোন সংস্কার কাজ করছে, কোনটি করছে না এবং কেন করছে না। এ প্রতিষ্ঠান ফলাফল প্রকাশ করবে, সংশোধনের পথও দেখাবে।

স্বাস্থ্য প্রশাসনের সংস্কারও জরুরি। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসাসেবা, স্বাস্থ্য প্রশাসন ও জনস্বাস্থ্য এবং চিকিৎসা গবেষণা ও শিক্ষার জন্য সুস্পষ্ট পৃথক ক্যারিয়ার ট্র্যাক থাকবে। প্রতিটি ট্র্যাকে কাজের বিবরণ, মূল্যায়নের মানদণ্ড এবং পেশাগত অগ্রগতির ধাপ স্পষ্ট থাকবে। সরকারি ক্রয় ও ব্যয়ের তথ্য প্রকাশ, নাগরিক পর্যবেক্ষণ এবং নিরাপদ অভিযোগ ব্যবস্থার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে। চিকিৎসাগত অবহেলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সময়মতো প্রতিকার যেমন জরুরি, তেমনি রোগীর মৃত্যু বা জটিলতা ঘটলেই চিকিৎসককে অপরাধী ধরে নেওয়াও চলবে না। রোগী ও সেবাদানকারী উভয়ের অধিকার সুরক্ষার জন্য থাকবে ন্যায়সংগত আইন ও কার্যকর প্রয়োগ।

সবচেয়ে কঠিন প্রশ্ন অর্থায়ন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ (৭৯ শতাংশ) এখনো রোগীকে নিজের পকেট থেকে দিতে হয়। ফলে অসুখ মানেই বহু পরিবারের সঞ্চয় শেষ হওয়ার আশঙ্কা। শুধু বাজেট বাড়ানো নয়, সরকারি আর্থিক ব্যবস্থাপনাও বৈপ্লবিকভাবে বদলাতে হবে। প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ, সময়মতো ছাড়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুরক্ষিত বাজেট এবং ব্যয়ের স্বচ্ছতা চাই। তামাক ও ক্ষতিকর পণ্যের ওপর সিন ট্যাক্সসহ ব্যবস্থা করা হবে ইনোভেটিভ হেলথ ফাইন্যান্সিংয়ের।

থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ আধুনিক দেশগুলোর আদলে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা তহবিল ও পৃথক স্বাস্থ্যসেবা ক্রয় কর্তৃপক্ষ গড়ে তুলতে হবে। সরকার কেবল হাসপাতালকে টাকা দেবে না; জনগণের পক্ষে যাচাই করে কিনবে প্রয়োজনীয় ও মানসম্মত সেবা। প্রাথমিক চিকিৎসায় নিবন্ধিত জনপ্রতি অর্থ বরাদ্দ, হাসপাতালে রোগভিত্তিক প্যাকেজ এবং দরিদ্রদের জন্য করভিত্তিক সুরক্ষা চালু হবে। ধাপে ধাপে একটি সমন্বিত জাতীয় অর্থায়নব্যবস্থায় যেতে হবে, যেখানে চিকিৎসার খরচ কাউকে নিঃস্ব করবে না। প্রথম ধাপে মাতৃস্বাস্থ্য, জরুরি চিকিৎসা ও অপরিহার্য ওষুধের জন্য নির্দিষ্ট সুরক্ষা প্যাকেজ চালু করা যেতে পারে। পরে ক্যানসার, কিডনির রোগ ও স্ট্রোকের মতো ব্যয়বহুল চিকিৎসায় জাতীয় তহবিলের সহায়তা বাড়বে।

তবে স্বাস্থ্যব্যবস্থা বদলানো মানে শুধু হাসপাতাল, চিকিৎসক, প্রযুক্তি বা অর্থের জোগান বদলানো নয়। মানুষকেও এই পরিবর্তনের অংশীদার করতে হবে। কমিউনিটি নিজের এলাকার সেবার পরিকল্পনা ও মূল্যায়নের কথা বলবে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও অন্যান্য অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও সাধারণ পরিচর্যার জন্য রোগীশিক্ষার ব্যবস্থা থাকবে। পরিবার জানবে খাদ্যাভ্যাস, শরীরচর্চা, তামাক বর্জন ও ওষুধ নিয়মিত খাওয়ার গুরুত্ব ও পদ্ধতি। স্বাস্থ্যবান্ধব আচরণকে সহজ করতে হবে স্কুল, কর্মক্ষেত্র ও কমিউনিটিতে।

২০৩৬ সালে স্বাস্থ্য খাতের সাফল্য মাপব না ঝলমলে হাসপাতালের উপস্থিতি দিয়ে; বরং মাপব প্রতিরোধযোগ্য মৃত্যু কত কমল, গ্রাম-শহরের ব্যবধান কতটা ঘুচল, নিজের পকেট থেকে চিকিৎসা ব্যয় কতটা নামল এবং মানুষের আস্থা কতটা ফিরল, তা দিয়ে। নীলকমলের রহিম মিয়াকে যেন চিকিৎসা পাওয়ার জন্য সর্বস্ব হারানোর ভয় পেতে না হয়; সেখানে কাজ করা চিকিৎসকও যেন সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে সেবা দিতে পারেন।

তৌফিক জোয়ার্দার: সহযোগী অধ্যাপক, ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুল, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর