পঁচাত্তরে বিটিভির চার কর্মকর্তা হত্যার মামলা সচলের উদ্যোগ
চার দশকের বেশি সময় আগে ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চার কর্মকর্তাকে হত্যার ঘটনায় করা মামলা সচলের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ।
মামলা বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রুল ও স্থগিতাদেশের বিষয়টি আজ বুধবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি শুনানির জন্য ১৬ আগস্ট দিন নির্ধারণ করেছেন।
বিটিভির নিহত চার কর্মকর্তা হলেন তৎকালীন উপমহাপরিচালক (অনুষ্ঠান) মনিরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা এ এফ এম সিদ্দিক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আকমল খান ও চিত্রগ্রাহক ফিরোজ কাইয়ুম চৌধুরী।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া।
পরে সামিরা তারান্নুম রাবেয়া প্রথম আলোকে বলেন, ওই মামলার আসামি সাবেক হাবিলদার আলতাফ হোসেন মামলা বাতিল চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৫ মে হাইকোর্ট রুল দেন। ২০১০ সালের ২৫ এপ্রিল মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন আদালত। তবে রুল হওয়ার পর থেকে ১৭ বছর ধরে মামলাটির কার্যক্রম স্থগিত আছে। এ রুল শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে। বিষয়টি উপস্থাপন করা হলে হাইকোর্ট ১৬ আগস্ট বেলা দুইটায় শুনানির সময় নির্ধারণ করেছেন।
রাষ্ট্রপক্ষ জানায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর বিটিভি ও বেতার স্টেশনে সেনাবাহিনী মোতায়েন করা হয়। একই বছরের ৭ নভেম্বর ওই চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তখন দাবিদাওয়া নিয়ে বিটিভির তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির আন্দোলন চলছিল। বিটিভির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মচারীদের দাবি মানতে রাজি হচ্ছিল না। সে সময় রামপুরা টিভি ভবনে নিয়োজিত ছিলেন সেনাবাহিনীর হাবিলদার আলতাফ হোসেন। বলা হয়, জিজ্ঞাসাবাদের পর ছেড়ে তাঁদের দেওয়া হবে। পরবর্তী সময়ে চার কর্মকর্তার খোঁজ না পেয়ে ১৯৭৫ সালের ১৯ নভেম্বর তাঁদের স্ত্রীরা গুলশান থানায় অপহরণ মামলা করেন। ৩ মাস ১৭ দিন পর ১৯৭৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিটিভি ভবনের পেছনের ঝিল থেকে তিনটি কঙ্কাল উদ্ধার করা হয়। পরীক্ষার পর কঙ্কালগুলো মনিরুল, সিদ্দিক ও আকমলের বলে চিহ্নিত করা হয়। তবে কাইয়ুমের চিহ্ন পাওয়া যায়নি।
রাষ্ট্রপক্ষের তথ্যমতে, মামলার তদন্ত শেষে কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ করে তদন্ত কর্মকর্তা ১৯৭৮ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৯৯৬ সালের ২৫ নভেম্বর আকমলের স্ত্রী মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করেন। প্রধানমন্ত্রী ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। ১৯৯৭ সালের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলা তদন্ত করার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। একই বছরের ২৫ মার্চ সিআইডি মামলা পুনরুজ্জীবিত করতে ঢাকার সিএমএম আদালতে আবেদন করে। আদালত আবেদন গ্রহণ করলে মামলার কার্যক্রম আবার শুরু হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, ১৯৯৯ সালের ১৮ আগস্ট আলতাফ হোসেনসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা, তখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। পুলিশ আসামিদের গ্রেপ্তারও করে। পরে তাঁরা জামিন পান। ২০০২ সালের ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসে। ২০০৩ সালের ১৬ অগাস্ট ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই বছরের ৩০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ছিল। সাক্ষ্য গ্রহণ পর্যায়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০০৫ সালে হাইকোর্টে আবেদন করেন আলতাফ হোসেন। এ আবেদন চূড়ান্ত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।