কর্মকর্তাদের ঘুষ দিতে চাওয়া সেই ভিক্ষুকের ছয় মাসের আটকাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান এলাকায় আজ ভিক্ষুকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তারা মিয়া (সামনে ডান পাশে) তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কর্মকর্তাদের এক হাজার টাকা দিতে চেয়েছিলেন
ফাইল ছবি: প্রথম আলো

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটকের পর কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দিতে চাওয়া ভিক্ষুককে ছয় মাসের আটকাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার অভিযানের সময় তাঁকে এ শাস্তি দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আল আমিন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

ওই ভিক্ষুকের নাম তারা মিয়া। তাঁর বাড়ি নরসিংদীর মনোহরদী এলাকায়। তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন। গতকাল তিনি রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও গাড়িতে থাকা যাত্রীদের কাছে টাকা চাইছিলেন।  

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা তারা মিয়াকে আটক করে পুনর্বাসনকেন্দ্রে পাঠাতে গাড়িতে তোলেন। কিন্তু পুনর্বাসনকেন্দ্রে যেতে কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি। ভিক্ষুক নন বলেও কর্মকর্তাদের কাছে দাবি করেন। একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দায়িত্বরত কর্মকর্তাদের তিনি এক হাজার টাকা দিতে চান।

মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আল আমিন প্রথম আলোকে বলেন, তারা মিয়াকে ছয় মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। এই সময়ে তাঁকে পুনর্বাসনকেন্দ্রে রাখা হবে। তবে কোন কেন্দ্রে পুনর্বাসন করা হবে, সে সিদ্ধান্ত জানতে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সাধারণত দীর্ঘ মেয়াদে আটকাদেশ পাওয়া পুরুষ ভিক্ষুকদের ময়মনসিংহ বা নারায়ণগঞ্জের সরকারি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়।

গতকাল আটক হওয়া ব্যক্তিদের মধ্যে এক নারীকে পরিবারের লোকজন এসে নিয়ে গেছেন জানিয়ে আল আমিন বলেন, ওই নারীকে গতকালের অভিযানে আটকের পর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছিল। আজ সকালে ওই নারীর মেয়ে ও জামাতা এসে ছাড়িয়ে নিয়ে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ওই নারী ভিক্ষুক নন। স্বজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি বাড়ি ছেড়েছিলেন। পরে রাস্তায় মানুষের কাছে হাত পাতছিলেন। বাকিরা আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মিরপুরের আশ্রয়কেন্দ্রে এখন ৭৩ জন আটক হওয়া ব্যক্তিকে রাখা হয়েছে। আজ আরও ১৭ জনকে সেখানে নেওয়া হচ্ছে। তাঁদের রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির পরিচালক শাহ্ জাহান প্রথম আলোকে বলেন, আটক হওয়া কোনো ব্যক্তির রক্তের সম্পর্কের কেউ যদি ছাড়িয়ে নিতে আসেন এবং প্রমাণ করতে পারেন যে আটক ব্যক্তি ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত নন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অন্যথায় আটকাদেশের মেয়াদ শেষে ছাড়া হয়।

অভিযানে আটক হওয়া ব্যক্তিদের সাধারণত গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের সরকারি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়। আটককালে তাঁরা সেলাইয়ের কাজ, বাগান করা, রান্না করা, কাঠমিস্ত্রি, বৈদ্যুতিক মিস্ত্রি—প্রভৃতি ছোট কাজের প্রশিক্ষণ নিতে পারেন। ব্যক্তি পছন্দ অনুযায়ী কিংবা যাঁর জন্য যেটা প্রযোজ্য, এর ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক হওয়ার পরে কেউ ভিক্ষা করার বিষয়টি স্বীকার করতে চান না। যাঁরা স্বীকার করেন, তাঁরা পরিস্থিতির শিকার হয়ে কাজটি করেন বলে জানান। অনেকে আবার পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করা যায় বলে ভিক্ষাবৃত্তি বেছে নেন।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা শহরের ভিক্ষুকমুক্ত এলাকাগুলো হচ্ছে বিমানবন্দর চত্বর, বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ও আশপাশের এলাকা; হোটেল র‌্যাডিসন–সংলগ্ন এলাকা; গুলশান-১ ও ২ নম্বর, বারিধারা, ভিআইপি সড়ক, বেইলি রোড, হোটেল সোনারগাঁও ও হোটেল রূপসী বাংলাসংলগ্ন এলাকা; উত্তরার রবীন্দ্রসরণি এবং কূটনৈতিক এলাকাগুলো।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০২১-২২ অর্থবছরে ভ্রাম্যমাণ আদালতের ১৩০টি অভিযানে ২ হাজার ৬০০ জন ভিক্ষুককে আটক করা হয়েছিল। আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁদের মধ্যে ১ হাজার ৮০৫ জনকে আর ভিক্ষাবৃত্তি না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৭৯৫ জনকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

এ ছাড়া চলতি ২০২২-২৩ অর্থবছরে (জুলাই-২২ থেকে গতকাল পর্যন্ত) ভ্রাম্যমাণ আদালতের ৪০টি অভিযানে ১ হাজার ৬৭০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৭০ জনকে বিভিন্ন সরকারি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিদের কাউকে পরিবারের লোকজন এসে ছাড়িয়ে নিয়ে গেছে, কাউকে আবার ভিক্ষাবৃত্তি না করার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি ২০১০ সালের আগস্ট থেকে শুরু হয়েছে। তবে চালুর প্রথম সাত অর্থবছর এ কর্মসূচির তেমন ব্যাপকতা ছিল না। পরে ২০১৭-১৮ অর্থবছর থেকে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচির আওতায় টাকা পাঠানো শুরু হয়। ২০২১-২২ অর্থবছর পর্যন্ত এ খাতে ৭৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যয় হয়েছে সাড়ে ৪২ কোটি টাকার বেশি। এ কর্মসূচির আওতায় উপকারভোগী হয়েছেন ১৪ হাজার ৭০৭ জন ভিক্ষুক। আর চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ কোটি টাকা। এ টাকায় ৩ হাজার ৫০ জনকে সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

আরও পড়ুন