আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা বিলুপ্তি চেয়ে রিট
জাতীয় সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বিলুপ্তি চেয়ে রিট হয়েছে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী, সমমনা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্তির আরজিও রয়েছে রিটে।
নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন জুলাই যোদ্ধা আবেদনকারী হয়ে আজ বুধবার রিটটি করেন বলে জানান তাঁদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।
রিটের প্রার্থনা অংশে দেখা যায়, কয়েকটি বিষয়ে রুল চাওয়া হয়েছে। রিটের প্রার্থনা অনুসারে, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন (ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন, সম্পৃক্ত অন্য সংগঠন) সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব সংগঠনের পক্ষ থেকে বা নামে প্রকাশিত পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ কেন রোধ করা হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও তথ্যসচিবকে বিবাদী করা হয়েছে।
রিটের মাধ্যমে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য বিদেশি সরকারগুলোর কাছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার উদ্যোগের অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।
শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড এবং থানা, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। বিদেশ থেকে পরিচালিত দলটির সশস্ত্র সহিংসতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণে নির্বাহী আদেশের পরিবর্তে সংসদে আইন প্রণয়ন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা উচিত।
নির্বাহী আদেশ দিয়ে কোনো দলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে রিট আবেদনকারীদের এই আইনজীবী বলেন, যা বিদেশে পর্যালোচনায় প্রশ্নের মুখে পড়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনও প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। মূলত এসব কারণে রিটটি করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।