সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে এক সাংবাদিককে পেটাল পুলিশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অভিযানের সংবাদ সরাসরি সম্প্রচার করছিলেন বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদসহ কয়েকজন। এ সময় একদল পুলিশ সদস্য এসে তাঁদের সরিয়ে দিতে বলেন। কথা–কাটাকাটির এক পর্যায়ে তোফায়েল আহমেদকে লাঠি দিয়ে আঘাত করা হয়। উপস্থিত অন্য সাংবাদিকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরে আহত তোফায়েল আহমেদের মাথা ও পিঠে আঘাত লাগে বলে সহকর্মীরা জানান। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানান, লাঠির আঘাতে তাঁর শরীরে চোট লেগেছে; প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
আহত সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার মাসুদ আলম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যেরও বক্তব্য শুনেছি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’