পঞ্চম আহকাব ইন্টারন্যাশনাল এক্সপো অনুষ্ঠিত
তিন দিনব্যাপী পঞ্চম আহকাব ইন্টারন্যাশনাল এক্সপো–২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রাণিসম্পদ খাত–সংশ্লিষ্ট পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যানিমেল হেলথ কোম্পানিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএইচসিএবি) এ আয়োজন করে। গত ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অনুষ্ঠিত হয় এ এক্সপো।
৩০ নভেম্বর সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব নাহিদ রশিদ। এ ছাড়া সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন মো. এমদাদুল হক তালুকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; খ. মাহবুবুল হক মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর এবং এএইচসিএবির সভাপতি সায়েম উল হক।
বাংলাদেশসহ মিসর, দক্ষিণ কোরিয়া, ভারত, জার্মানি, থাইল্যান্ড, ভিয়েতনাম ও অন্যান্য দেশের স্থানীয় এবং বিদেশি মিলে দুই শতাধিক কোম্পানি তাদের যাবতীয় সেবা প্রদর্শন করতে অংশগ্রহণ করে। দেশীয় ও বহুজাতিক কোম্পানির মধ্যে এলানকো, এসিআই, একমি, সিপি, প্যারাগন, নারিশ ও স্কয়ার অন্যতম।
বাংলাদেশের অন্যতম বৃহত্তর শিল্প গ্রুপ স্কয়ারের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাগ্রোভেট ডিভিশন তাদের সব পণ্য ও সেবা প্রদর্শনী নিয়ে এতে হাজির হয়। এ প্রসঙ্গে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত বলেন, ‘প্রতিবারের মতো এবারের আয়োজনেও আমরা চেষ্টা করেছি আমাদের প্রাণিসম্পদ খাতের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য নিয়ে ইন্ডাস্ট্রির সামনে হাজির হতে। খামারিরা আমাদের স্টলে এসে স্কয়ারের রেজিস্টার্ড প্রাণিচিকিৎসক ও কনসালট্যান্টদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পরামর্শ নিয়েছেন।’ বিজ্ঞপ্তি