রাজধানীতে ৪৮ দেশের পতাকা নিয়ে ফুটবলপ্রেমীদের আনন্দ শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রতীকী শিরোপা নিয়ে উচ্ছ্বাস। পুরান ঢাকার সামাজিক সংগঠন কিশলয় যুব সংঘ এ শোভাযাত্রার আয়োজন করে। ঢাকা, ৫ জুন ২০২৬ছবি: দীপু মালাকার

ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ৪৮টি অংশগ্রহণকারী দেশের পতাকা নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে সমর্থন করা দেশের পতাকা আর প্রতীকী বিশ্বকাপ শিরোপা নিয়ে এতে অংশ নেন তাঁরা। আয়োজকদের ভাষ্য, ফুটবলকে ঘিরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

আজ শুক্রবার বিকেল চারটার দিকে পুরান ঢাকার হোসেনি দালানের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কিশলয় যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ আনন্দ শোভাযাত্রা চানখাঁরপুল, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় এবারের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা বহন করেন অংশগ্রহণকারীরা। এ সময় কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ স্পেন, জার্মানি, ফ্রান্স বা পর্তুগালের জার্সি পরে অংশ নেন। মিছিলে একটি প্রতীকী বিশ্বকাপ শিরোপাও প্রদর্শন করা হয়। ড্রামের তালে তালে শোভাযাত্রা এগোতে থাকলে উল্লাসে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দেন।

পায়ে গুরুতর চোট নিয়েই মোটরসাইকেলে করে শোভাযাত্রায় অংশ নেন সুজাত হোসেন (৪২)। তিনি বলেন, ‘বিশ্বকাপের আনন্দ অন্য রকম। প্রতি বিশ্বকাপেই আমরা এটি উদ্‌যাপন করি। পায়ে বড় ধরনের ইনজুরি (জখম) হওয়ার পরও বাসায় বসে থাকতে পারিনি। তাই চলে এসেছি এই আনন্দের অংশ হতে।’

ফুটবল হাতে কসরত দেখাচ্ছেন শোভাযাত্রায় অংশ নেওয়া এক ফুটবলপ্রেমী। ঢাকা, ৫ জুন ২০২৬
ছবি: দীপু মালাকার

চার বছর বয়সী ছেলে রেজা আব্বাসকে সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন সাবের হোসাইনি। তিনি বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও আমাদের আয়োজন শুরু হলো। ছোটদেরও এই উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। সবাই মিলে খুব উপভোগ করছি।’

কিশলয় যুব সংঘের জ্যেষ্ঠ সদস্য মির্জা মো. আসলাম বলেন, ‘আমাদের এটি একটি অরাজনৈতিক সংগঠন। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও পরিচালনা করি। কে কোন দল সমর্থন করেন, সেটি এখানে গুরুত্বপূর্ণ নয়। আমাদের সবার পরিচয় আমরা ফুটবলপ্রেমী। নিজেদের মধ্যে কোনো বিভেদ বা বিরোধ নেই—এই বার্তাই আমরা দিতে চাই।’

শোভাযাত্রায় অংশ নিয়ে কিশোর ও তরুণদের উচ্ছ্বাস। ঢাকা, ৫ জুন ২০২৬
ছবি: দীপু মালাকার

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইয়েদ ফাইয়াজ আলী বলেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। সাধারণত দেখা যায়, বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে কেন্দ্র করে বেশি আলোচনা হয়। কিন্তু আমরা এমন একটি আয়োজন করতে চেয়েছি, যেখানে অংশগ্রহণকারী সব দেশের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ পাবে। যে কেউ এখানে এসে নিজের পছন্দের দলের পতাকা খুঁজে পাবে।’

কবে থেকে এমন আয়োজন হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে সাইয়েদ ফাইয়াজ আলী জানান, ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ থেকে কিশলয় যুব সংঘ এ ধরনের আয়োজন করে আসছে। শুধু ফুটবল নয়, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষেও সংগঠনটি বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে থাকে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। উল্লেখ্য, এবার ১১ জুন পর্দা উঠছে ফুটবলের এই বৈশ্বিক আসরের।