প্রশাসনের ব্যবস্থাপনায় পরিবার ছাড়া তিন মেয়ের বিয়ে
পরিবার ছাড়া বেড়ে ওঠা তিন মেয়ের বিয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। নগরের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় তিন কন্যার বিয়ে। তাঁরা হলেন মর্জিনা আক্তার (২৩), তানিয়া আক্তার (২০) ও মুক্তা আক্তার (২০)।
২৩ বছর আগে চট্টগ্রামের রৌফাবাদে সমাজসেবা কার্যালয় পরিচালিত ‘ছোটমণি নিবাসে’ জায়গা হয়েছিল মর্জিনা আক্তারের। তখন তাঁর বয়স দুই মাসও হয়নি। মর্জিনা এখন স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করছেন। তাঁর বিয়ে ঠিক হয়েছে একটি বেসরকারি হাসপাতালের অফিস সহায়ক পদে কর্মরত ওমর ফারুকের সঙ্গে।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় এই বিয়ে হয়। নগরের রৌফাবাদে সমাজসেবা কার্যালয়ের কমপ্লেক্সে বুধবার রাতে অনুষ্ঠিত হয় তাঁদের গায়েহলুদ।
ছোটমণি নিবাসের অপর মেয়ে তানিয়া আক্তারও মা ও শিশু হাসপাতালে অ্যাটেনডেন্টের কাজ করেন। এবার এইচএসসি পরীক্ষা দেবেন আগ্রাবাদ মহিলা কলেজ থেকে। তাঁর সঙ্গে বিয়ে হচ্ছে বিআরটিসি এলাকার ফলমণ্ডীর বিক্রয়কর্মী হেলাল উদ্দিনের সঙ্গে।
চার বছর বয়সে হারিয়ে যাওয়া মুক্তা আক্তারেরও স্থান হয় ছোটমণি নিবাসে। বর্তমানে ২০ বছর বয়সী মুক্তার সঙ্গে বিয়ে হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ নুরউদ্দিনের (২৬)। মুক্তাও সেখানে কর্মরত।
২০ বছর বয়সী অপর কন্যা তানিয়া আক্তার শিশু পরিবারে থাকার পাশাপাশি মা ও শিশু হাসপাতালে অ্যাটেনডেন্টের কাজ করেন। মুক্তা এইচএসসি পরীক্ষা দেবেন আগ্রাবাদ মহিলা কলেজ থেকে। তাঁর সঙ্গে বিয়ে হচ্ছে বিআরটিসি এলাকার ফলমণ্ডীর বিক্রয়কর্মী হেলাল উদ্দিনের সঙ্গে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ছোটমণি নিবাস ও সরকারি শিশু পরিবারের তিন মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে আমরা বিয়ের ব্যবস্থা করেছি। তারা সুখে শান্তিতে থাকুক। আমরাই তাদের অভিভাবক। চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে।’
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার সমাজের পরিত্যক্ত ও অভিভাবকহীন শিশুদের আশ্রয় দিয়ে থাকে। পরবর্তী সময়ে শিশুদের পরিচয় পাওয়া গেলে যথাযথ অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
অনুভূতি জানাতে গিয়ে মর্জিনা গণমাধ্যমকে বলেন, ‘আমরা অভিভাবকহীন ছিলাম। বিয়ের পর নতুন একটি পরিবার পাব, এটা আনন্দের।’