নির্বাচন ও গণভোটের তথ্য দিতে টোল ফ্রি হেল্পলাইন চালু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বিশেষ হেল্পলাইন চালু করেছে সরকার। নির্বাচন কমিশনের (ইসি) সহযোগিতায় সরকারের এটুআই প্রকল্প এই হেল্পলাইন চালু করেছে। ৩৩৩–তে ডায়াল করে এই সেবা নেওয়া যাবে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এ উদ্যোগের উদ্দেশ্য নির্বাচনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন–সংক্রান্ত তথ্য পেতে দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ৩৩৩-তে ডায়াল করে ৯ প্রেস করতে হবে। এই সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।
এই হেল্পলাইনে নির্বাচন কমিশনের নির্ধারিত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ও পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে এর মধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই তথ্যসেবা নির্বাচন–সংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করছে তারা।