বাংলাদেশের বৃহৎ অবকাঠামো খাতে কাজ করতে চায় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি নতুন করে বাংলাদেশের বৃহৎ অবকাঠামো খাতে রাশিয়া একসঙ্গে কাজ করতে আগ্রহী।

গতকাল বুধবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার মস্কোতে বাংলাদেশবিষয়ক সংসদীয় গ্রুপ বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানের সঙ্গে বৈঠকে এ আশাবাদের কথা জানায়।

মস্কো থেকে বাংলাদেশ দূতাবাসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় স্টেট ডুমার বাংলাদেশবিষয়ক সংসদীয় গ্রুপ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, পারমাণবিক বিদ্যুৎ, খেলাধুলা, দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, তৈরি পোশাকশিল্প, বিজ্ঞানপ্রযুক্তি, কৃষি, জলবায়ু পরিবর্তনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

রাশিয়ার পার্লামেন্ট ভবন স্টেট ডুমায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশবিষয়ক সংসদীয় গ্রুপের সমন্বয়কারী ও স্টেট ডুমার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান সেতলানা সের্গেইভনা ঝুরোভার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন স্টেট ডুমার আইন ও সংসদবিষয়ক ডেপুটি চেয়ারম্যান ইরিনা ভিক্টোরোভনা বেলিখ, স্টেট ডুমার সদস্য নিকোলাই রবার্টোভিচ বুডুয়েভ ও মিস্টার আলেক্সি সিটনিকভনের।

বাংলাদেশবিষয়ক সংসদীয় গ্রুপের সমন্বয়কারী সেতলানা সের্গেইভনা ঝুরোভা বলেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক সুদীর্ঘকালের। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ও যুদ্ধ–পরবর্তী সময়ে রাশিয়া বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়ায় যেভাবে সহযোগিতা করেছিল, দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে জ্বালানি, কৃষি, শিক্ষা, খেলাধুলা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ ও মজবুত করতে বাংলাদেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রথাগত এলাকার বাইরে গিয়ে আরও প্রসারিত ও বৈচিত্র্য আনার কথা উল্লেখ করেন। রাশিয়ার বিভিন্ন শিল্পকারখানায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোয় অধিক সংখ্যায় বাংলাদেশি শিক্ষার্থী প্রেরণের সম্ভাবনার বিষয়ে সভায় আলোচনা হয়।

কামরুল আহসান দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের সফর বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন প্রথাগত ও অপ্রচলিত খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে।

আলোচনায় স্টেট ডুমার সদস্যরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি আরও অনেক অবকাঠামো খাতে বাংলাদেশ ও রাশিয়া একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।