শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের বৈধতা নিয়ে রিট

হাইকোর্ট ভবনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি হিসেবে ‘মৃত্যুদণ্ডের’ বিধানের বৈধতা নিয়ে রিট হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বৃহস্পতিবার রিটটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান আবেদনকারী হয়ে ওই রিট আবেদন করেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিতে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মৃত্যুদণ্ডের বিধান সংবিধানের ৩২ ও ৩৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এমনকি বাংলাদেশ একাধিক কনভেনশনে স্বাক্ষর করেছে, যেখানে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড না দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্বের ১১২টি দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে—এসব যুক্তিতে মূলত রিটটি করা হয়। রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

রিটের প্রার্থনায় দেখা যায়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৫৩ ধারা এবং ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৩৬৮(১) ধারায় শাস্তি হিসেবে উল্লেখিত ‘মৃত্যুদণ্ডের বিধান’ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রিটে আইন মন্ত্রণালয়ের দুজন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।