সকালে খাবারের হোটেলে নাশতা করতে নিয়ে যাওয়ার জন্য বাবার কাছে আবদার করেছিল সাত বছরের তাওহিদ হাবিব। ছেলের আবদার রাখতে তাঁকে নিয়ে পাশের বাজারে যাচ্ছিলেন কৃষক হাবিবুর রহমান। ছেলের হাত ধরে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন বাবা। খাবার হোটেলের সামনে যেতেই দ্রুতগতির কাভার্ড ভ্যান এসে তাঁদের চাপা দিয়ে হোটেলটিতে ঢুকে পড়ে। মুহূর্তে ঝরে যায় বাবা-ছেলেসহ পাঁচজনের প্রাণ।
যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের মধ্যে বেগারীতলা বাজার। বাজারের ভেতর দিয়ে গেছে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক। পাশেই আবু তালেব খাঁর হোটেল। সেখানে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের কৃষক হাবিবুর রহমান (৫৫) ও তাঁর ছেলে তাওহিদ কবির (৭), একই গ্রামের মীর শামসুর রহমান (৬০) ও তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের আবদুল মমিনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। নিহত তৌহিদুর রহমান ও জিয়ারুল ইসলাম দিনমজুর ছিলেন। মীর শামসুর রহমান এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।
দুর্ঘটনাস্থলের কাছেই টুনিয়াঘরা গ্রামে হাবিবুর রহমানের একতলা পাকা বাড়ি। তাঁর বড় ছেলে তাহমিদ রহমান অষ্টম শ্রেণিতে পড়ে। ছোট ছেলে তাওহিদ হাবিব স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আজ দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা-ছেলের লাশ বাড়ির উঠানে রাখা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। হাবিবুর রহমানের স্ত্রী তাওহিদা বেগম ছেলের লাশ কোলে নিয়ে বিলাপ করছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন।
হাবিবুর রহমানের বড় ছেলে তাহমিদ রহমান কাঁদতে কাঁদতে বলে, সকালে তাওহিদ হোটেলে নাশতা করাতে নিয়ে যেতে বলেছিল আব্বাকে। আব্বা ওর আবদার পূরণ করতে ওকে সঙ্গে নিয়ে হোটেলে যাচ্ছিলেন। কিন্তু হোটেলে ঢোকার আগেই কাভার্ড ভ্যানের চাপায় দুজনই মারা যান।
টুনিয়াঘরা গ্রামে মীর শামসুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের বেড়ার এক কক্ষের ছোট একটি ঘর। ওপরে টালির ছাউনি। বাইরে দড়িতে ঝুলছে লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা।
শামসুরের ছোট ভাই মীর মশিয়ার রহমান বলেন, তাঁর ভাই বিয়ে করেননি। আলাদা বাড়িতে একা থাকতেন। সেখানেই এলাকার বাচ্চাদের পড়াতেন। নিজে রান্না করে খেতেন। সকালে বেগারীতলা বাজারে তাঁর ভাইয়ের সঙ্গে চা–নাশতা করতে গিয়েছিলেন তৌহিদুর রহমান। দুর্ঘটনায় দুজনই মারা যান।
এই বাড়িতে পাশের ছোট্ট একটি ঘরে থাকতেন তৌহিদুর রহমান। তাঁর ঘরে কেউ ছিলেন না। পাশেই তাঁর বাবা মীর আসাদ আলী ওরফে বাবু মীরের বাড়ি। সেখানেও ভিড় করেছেন প্রতিবেশীরা। বাড়িতে ঢুকতেই কান্নার শব্দ ভেসে আসছিল।
মীর আসাদ আলীর দুই ছেলের মধ্যে বড় তৌহিদুর। তিনি বাঁশেরহাটে শ্রমিকের কাজ করতেন। মীর আসাদ আলী বুক চাপড়ে বলেন, বেগারীতলা বাজারের শেষ মাথায় তাঁর (তৌহিদুরের বাবা) একটি চায়ের দোকান রয়েছে। সকালে দোকান খোলার সময় বাজারের দিকে চিৎকার–চেঁচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখেন, আবু তালেব খাঁর দোকানের কারিগর দৌড়াচ্ছেন। কোনো কথা বলতে পারছেন না। আরেকটু এগিয়ে হোটেলের সামনে গিয়ে দেখেন, অনেক মানুষের জটলা। সেখানে গিয়ে কাভার্ড ভ্যানের নিচে তৌহিদুরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মীর আসাদ আলী আরও বলেন, তৌহিদুরের চার ছেলেমেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। মেজ মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। ছোট ছেলের বয়স ছয় বছর এবং ছোট মেয়ের বয়স ছয় মাস।
সন্ধ্যায় মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এ ঘটনায় রাতে মামলা হবে।