প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ সোমবার সচিবালয়েছবি: প্রথম আলো

সংখ্যালঘুদের ওপর যেকোনো ধরনের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, অন্য ধর্মাবলম্বীরদের ওপর অত্যাচার–জলুম–নির্যাতন সহ্য করবেন না।

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে ধর্মমন্ত্রী এ কথাগুলো বলেন বলেন। আজ সোমবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে এই সংলাপ হয়।

এক প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ভারত বিশাল দেশ। তাদের তিনি শ্রদ্ধা করেন। এ জন্য যে যেহেতু তারা গণতন্ত্রকে লালন করে। তবে আরও বেশি শ্রদ্ধা করবেন, তারা যদি সংখ্যালঘুদের আপন করে নেয়। নিরাপত্তা দেয়। তাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সব ব্যবস্থা নেয়।

ধর্মমন্ত্রী বলেন, ‘তবে আমি একটা কথা বলি...ভারতে কী হচ্ছে, এটা বড় জিনিস নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে—এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতান সহ্য করব না।’

সংলাপে আরও বক্তব্য দেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।