চট্টগ্রামের ইস্পাহানি সেন্টারে ওয়াইকেকে বাংলাদেশের সেলস অফিস
চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত নবনির্মিত নয়তলা বাণিজ্যিক ভবন ইস্পাহানি সেন্টারে চালু হতে যাচ্ছে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের চট্টগ্রাম সেলস অফিস। ভবনটির পঞ্চম তলা থেকে প্রতিষ্ঠানটি শিগগিরই তাদের কার্যক্রম পরিচালনা করবে।
সম্প্রতি চট্টগ্রামের অ্যাভিনিউ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইস্পাহানি গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি এবং ওয়াইকেকে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর শিনোবু নাকায়ামা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
২০০১ সালে প্রতিষ্ঠিত ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড জাপানভিত্তিক ওয়াইকেকে গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পোশাকশিল্পের জন্য উচ্চ মানের জিপার ও বোতাম উৎপাদনে বিশেষায়িত।
অফিস, রিটেইল ও ডাইনিং সুবিধার সমন্বয়ে পরিকল্পিত ইস্পাহানি সেন্টার চট্টগ্রামে সুপরিকল্পিত, বহুমুখী বাণিজ্যিক স্পেস উন্নয়নে ইস্পাহানি গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন।