পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সা.সম্পাদক আসাদুজ্জামান পুনর্নির্বাচিত
স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
গতকাল শনিবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী এক বছরের জন্য মনিরুল ইসলাম ও আসাদুজ্জামানকে নির্বাচিত করা হয়। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান।