নির্বাচন বর্জন রাজনৈতিক সিদ্ধান্ত, ইসির বক্তব্য নেই
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নেই বলে মনে করে নির্বাচন কমিশন (ইসি)। এটি একটি রাজনৈতিক দলের রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে কমিশনের কোনো বক্তব্য নেই।
আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের নির্বাচন বর্জনের ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা রাজনৈতিক দলের রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে কমিশনের কোনো বক্তব্য নেই। কমিশন সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত আছে।
নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার বিষয়টি তো আমি বুঝতে পারছি না। কোনো দল অংশ গ্রহণ করবে কি করবে না, সেটা তাদের রাজনৈতিক এখতিয়ার। রাজনৈতিকভাবে রাজনৈতিক দল তা ফয়সালা করবে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, সকলের জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রস্তুতি রাখা। আমরা সেটা অব্যাহত রাখব।’
আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর নির্বাচন বর্জন করেন, সে ক্ষেত্রে কমিশন কী করবে? ব্যালটে তাঁর প্রতীক থাকবে।
নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এখানে প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নেই। একটি রাজনৈতিক দল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের কাছে প্রশ্নবিদ্ধর কিছু নাই। প্রত্যেক জায়গায় চার–পাঁচজন করে প্রার্থী আছেন। সিলেটে একটা ওয়ার্ডে ১৯ জন পর্যন্ত প্রার্থী আছেন। সেটা কি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না?’
এনআইডি স্থানান্তরে বক্তব্য নেই
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সাংবিধানিকভাবে ইসিকে কিছু দায়িত্ব দেওয়া আছে। সেখানে এনআইডির বিষয়টি নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই। নির্বাচন কমিশন সরকারি সিদ্ধান্ত মেনে চলছে, চলবে।
বরিশালে তদন্তের নির্দেশ
ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু অনিয়মের কথা প্রচারিত হয়েছে। সেসব বিষয়ে সরেজমিন তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশালের জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে সরেজমিন তদন্ত করে ১৪ জুনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।