‘বাঁধন অ্যাপ’ উদ্বোধন, আরও সহজে পাওয়া যাবে রক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আজ বৃহস্পতিবার ‘বাঁধন অ্যাপ’-এর উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুততম সময়ের মধ্যে রক্তদাতার সন্ধান দিতে মুঠোফোন অ্যাপ চালু করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। এই অ্যাপের মাধ্যমে রক্তগ্রহীতা বা অনুসন্ধানকারীরা কম সময়ের মধ্যে কাছাকাছি স্থানে রক্তদাতার সন্ধান পাবেন।

অ্যাপটির নাম ‘বাঁধন অ্যাপ’। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাঁধনের ২৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। বাঁধনের বর্ষপূর্তি ২৪ অক্টোবর। এবারের প্রতিপাদ্য, ‘ছাব্বিশের স্বপ্নকথা, রক্তদানেই মানবতা’।

অ্যাপ উদ্বোধনের সময় জানানো হয়, মুঠোফোনে অ্যাপটি ইনস্টল করে নিবন্ধনের মাধ্যমে রক্তগ্রহীতা ও রক্তদাতা এই সেবার সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। ডিজিটাল চাহিদাপত্রে রোগীর অবস্থান করা হাসপাতালের নাম ও বিস্তারিত তথ্য দিলে দেশের যেকোনো জায়গা থেকে রক্তদাতার সন্ধান দেবে এই অ্যাপ। ফলে দ্রুততম সময়ের মধ্যে রক্ত পাওয়া যাবে।

বাঁধন ও বাঁধন ফাউন্ডেশন যৌথভাবে অ্যাপটি তৈরি করেছে। প্রাথমিক পর্যায়ে অ্যাপে সারা দেশের প্রায় ৬০ হাজার রক্তদাতার তথ্য দেওয়া হয়েছে। পরে আরও বাড়ানো হবে। যে কেউ সুবিধামতো রক্তদাতার তালিকা থেকে নিজের নাম সংযুক্ত বা অবমুক্ত করতে পারবেন। এই অ্যাপে সারা দেশের ৫৮টি জেলার ২ হাজার হাসপাতালের তথ্যও দেওয়া আছে।

অ্যাপ উদ্বোধনের সময় উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, যাঁরা নিজের জীবনের কথা না ভেবে আর্তমানবতার সেবায় এবং অন্যের উপকারে কাজ করেন, তাঁরা মহৎ ও অনেক বড় মাপের মানুষ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে বাঁধনের সদস্যরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বাঁধন অ্যাপের মাধ্যমে রক্তদাতা ও গ্রহীতার মধ্যে আজ থেকে সংযোগ সৃষ্টির নতুন মাত্রা যুক্ত হলো।

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদের সভাপতিত্বে ও বাঁধনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল আমীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা ও বাঁধনের কেন্দ্রীয় সভাপতি ফাহিম হোসেন বক্তব্য দেন। অ্যাপ উদ্বোধনের পর বাঁধনের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ মূলমন্ত্রে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন। বর্তমানে দেশের ৫৪টি জেলায় ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১২টি অঞ্চল, ১৪১টি ইউনিট ও ৩টি পরিবারের মাধ্যমে বাঁধন তাদের কার্যক্রম পরিচালনা করছে।