স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা জাহের আলভী
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন।
ওই মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন জাহের আলভী। প্রাথমিক শুনানি নিয়ে আদালত জামিন প্রশ্নে রুল দেন। শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হয়।
আদালতে জাহের আলভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার লাশ উদ্ধার করা হয়। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আলভী। সেদিন আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আলভীকে সাত দিনের রিমান্ডে নিতে গত ২১ জুন আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইভনাথকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই সময় জাহের আলভী নেপালে ছিলেন।
ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় ওই মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে আফরা ইভনাথ আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
আফরা ইভনাথ ও জাহের আলভী ২০১০ সালে বিয়ে করেন। তাঁদের এক ছেলেসন্তান রয়েছে।