সমঝোতা স্মারকে স্বাক্ষর করল নর্থ সাউথ ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেড একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এ সমঝোতা স্মারকের অধীন ডেভেলপমেন্ট স্টাডিসে (এমডিএস) যৌথ মাস্টার্স ডিগ্রি দেওয়া হবে। ২২ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লিতে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকটি অনুষদ ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং একাডেমিক দক্ষতা বিনিময়সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার একটি পথনির্দেশনা দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের সঙ্গে অংশীদারত্ব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনুষদকে একটি নেতৃস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ দেবে।
অপর দিকে ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের উপাচার্য পিটার হোজ বলেন, এ সমঝোতা স্মারক দুই দেশের সংস্কৃতি ও মূল্যবোধের গভীর উপলব্ধিকে উৎসাহিত করবে। এ ছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে।