রানি এলিজাবেথকে নিয়ে ছোট্ট একটি স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি দ্বিতীয় এলিজাবেথ
ছবি: রয়টার্স
সেই ২৩ অক্টোবর ১৯৯৭ সালে আমি তখন দৈনিক ভোরের কাগজে কাজ করি। সেবার যুক্তরাজ্যের সুন্দর শহর এডিনবরাতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন হয়েছিল। সেবারই প্রথম রানি এলিজাবেথ উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সম্মেলনের উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। এ ছাড়া তিনি এডিনবরার হোলিরুড প্রাসাদে কমনওয়েলথ সম্মেলনে আগত নির্বাচিত সাংবাদিকদের চায়ের দাওয়াত দিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে কিছু সময় কাটিয়েছিলেন।
সেই দিন শুক্রবার বেলা ১১টার একটু আগেই আমরা বাংলাদেশের সাংবাদিকেরা হোলিরুড প্রাসাদে পৌঁছে গিয়েছিলাম। তখনো অন্য অতিথিরা আসেননি। কারণ, আমরা প্রাসাদের কাছেই থাকতাম। মনে পড়ে, হালকা শীতে হেঁটেই চলে গিয়েছিলাম। সে সুযোগে আমরা রানি এলিজাবেথ, তাঁর স্বামী প্রিন্স ফিলিপ প্রমুখদের সঙ্গে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম।
যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে সেবার আমরা এডিনবরা ছাড়াও লন্ডনও সফর করেছিলাম। কমনওয়েলথ সম্মেলনে যোগ দেওয়ার আগে শহর স্টার্লিংয়ে সাংবাদিকতা বিষয়ে তিন দিনের সেমিনারে অংশও নিয়েছিলাম। সেবার পুরো সফরে প্রতিদিন রিপোর্ট পাঠাতাম এবং সেটা ভোরের কাগজে ছাপা হতো।
রানি এলিজাবেথের চায়ের দাওয়াত ও সেখানকার কথাবার্তা নিয়ে আমার ছোট একটি রিপোর্টও ছাপা হয়েছিল ২৬ অক্টোবর ১৯৯৭ সালের ভোরের কাগজের প্রথম পৃষ্ঠায়। সেই রিপোর্টটি এখানে তুলে দেওয়া হলো:

রমনা পার্কে সেই মঞ্চটি এখনো আছে শুনে খুশি হয়ে উঠলেন রানি

আমি বাংলাদেশ থেকে এসেছি বলে, বাংলাদেশে আবার আসছেন কি না, এ কথা জিজ্ঞেস করতেই রানি এলিজাবেথ বললেন, তোমাদের প্রধানমন্ত্রী আমাকে যেতে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বললাম, আপনি সম্প্রতি ভারত এবং পাকিস্তানে গিয়েছিলেন। রানি বললেন, আমি তো বাংলাদেশে গিয়েছি।

আমি তাঁর ঢাকা সফরের কথা উল্লেখ করতেই তিনি বললেন, ‘সেই ১৯৬১ সালে ঢাকায় গিয়েছিলাম।’ তাঁর জন্য নির্মিত ভবনটি পরে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস হয়েছিল। রমনা পার্কে তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য নির্মিত প্ল্যাটফর্ম এখনো রয়েছে জানালে চোখেমুখে খুশি হয়ে শুনলেন। রানি ১৯৮৪ সালে বাংলাদেশে আরও একবার এসেছিলেন।

রানি এলিজাবেথ আরও বললেন, আমি তোমাদের কিছু সমস্যার কথা জানি। তিনি বললেন, প্রিন্স চার্লস তো গত মে মাসে বাংলাদেশে গিয়েছিল।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় এডিনবরার হোলিরুড প্রাসাদে কমনওয়েলথ সম্মেলনে আগত নির্বাচিত সাংবাদিকদের জন্য রানির দেওয়া সংবর্ধনায় তাঁর সঙ্গে এই প্রতিবেদকের সংক্ষিপ্ত আলোচনায় তিনি উপরের কথাগুলো বলেন।
ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে যখন বললাম, সুন্দরবন রক্ষার জন্য আপনার উদ্বেগ প্রকাশের খবর আমাদের পত্রিকায় ছেপেছিলাম। তিনি সহাস্য মুখে বললেন, সেই রয়েল বেঙ্গল টাইগার! রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে যাচ্ছে, না বাড়ছে? আমি বললাম, সংখ্যা তো কমছে বলেই জানি। এতে মনে হলো, তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন।

এখানে এটা বিশেষভাবে উল্লেখ করা যায়, প্রিন্স ফিলিপ বিশ্বের বন্য পশুপাখি সংরক্ষণের প্রচারাভিযানে অগ্রণী ভূমিকা পালন করছেন।

আর রানির কন্যা প্রিন্সেস অ্যানের সঙ্গে পরিচয় দিয়ে কথা বলতে হাসিমুখে বললেন, আমি দুবার বাংলাদেশে গিয়েছি। তবে সন, তারিখ ঠিক স্মরণ নেই। আবার হয়তো যাব, কোনো সুযোগে।

প্রিন্সেস অ্যান ব্রিটেনের সেভ দ্য চিলড্রেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক।
রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে পরিচয়পর্বের পর সকল অতিথিকে প্রাসাদের থ্রোন রুম (Throne Room)-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই এই সংক্ষিপ্ত কথাবার্তা হয় অত্যন্ত অনানুষ্ঠানিক পরিবেশে। রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ সকল অতিথি সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বলেন।