তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে বুলবুল-ফারুকদের রিটের শুনানি ২১ মে

হাইকোর্টফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য ২১ মে তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।

রিটের বিষয়টি আজ সোমবার উত্থাপন করা হলে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আমিনুল ইসলাম, ফারুক আহমেদ ও আরও ১০ জন রিটটি করেন। রিটে আমিনুল ইসলাম বিসিবির তৎকালীন সভাপতি, ফারুক আহমেদ সহসভাপতি ও অপর ১০ জন নিজেদের পরিচালক বলে উল্লেখ করেন।

‘মো. আমিনুল ইসলাম (আমিনুল ইমলাম বুলবুল) এবং অন্যান্য বনাম বাংলাদেশ এবং অন্যান্য’ শিরোনামের রিটটি আদালতের আজকের কার্যতালিকায় ৪১৭ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতের কার্যক্রম শুরু হলে সকালে রিটের বিষয়টি উত্থাপন করেন রিট আবেদনকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘রিটের বিষয়টি উত্থাপন করা হলে আদালত ২১ মে দুপুর আড়াইটায় শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।’

রিটে পরিচালক উল্লেখ করা ১০ আবেদনকারী হলেন—আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমূল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।

রিটের প্রার্থনায় দেখা যায়, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত এবং সে অনুসারে গৃহীত সব কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রুল হলে তা বিচারাধীন অবস্থায় তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি অ্যাডহক কমিটির সদস্যদের সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনা থেকে বিরত রাখার প্রার্থনাও রিটে রয়েছে।

রিটে যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

তামিম ইকবালকে প্রধান করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান আছেন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু।

কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। তাঁদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান।

একই অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের সাত আইনজীবী গত ৩০ এপ্রিল একটি রিট করেছিলেন। শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১১ মে রিটটি সরাসরি খারিজ করে দেন।