আবার পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে করা এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল, তবে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন এই তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডের ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এই মামলা করেন। আদালত এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। এ মামলার অন্য আসামিরা হলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী, ভাই শাহরান শাহ ও মামলার বাদী (সালমানের মামা) নিউ ইস্কাটনের বাসায় যান। ওই দিনই নীলা চৌধুরী ও শাহরানের সিলেটে যাওয়ার কথা ছিল।
অভিযোগে বলা হয়, সালমানের মা–বাবা ইস্কাটনের বাসায় যাওয়ার পর স্ত্রী সামিরা ও কর্মচারী আবুল জানান, সালমান ঘুমাচ্ছেন। তখন চলচ্চিত্র প্রযোজক সিদ্দিকও সেখানে উপস্থিত ছিলেন। সালমান ঘুমাচ্ছেন শুনে তাঁর মা–বাবা সামিরাকে জানান, তাঁরা সিলেটে যাওয়ার পথে আবার দেখা করে যাবেন। এরপর তাঁরা ও প্রযোজক সিদ্দিক বাসা থেকে চলে আসেন।
এজাহারে আরও বলা হয়েছে, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমানের বাবাকে জানান যে সালমানের ‘যেন কী হয়েছে’। খবর পেয়ে তাঁরা দ্রুত বাসায় গিয়ে শোবার ঘরে সালমানকে পড়ে থাকতে দেখেন। এ সময় দু-একজন বহিরাগত নারী সালমানের হাত-পায়ে তেল মালিশ করছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে সালমানের গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন অংশে নীলচে দাগ দেখা যায়। প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, সালমান আগেই মারা গেছেন।