প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের মধ্যে পুরস্কারের অর্থ বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের বিকাশের মাধ্যমে দেওয়া পুরস্কারের অর্থের স্মারক, পদক ও ট্রফি তুলে দেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতা দেশের ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। যেখানে দেশজুড়ে ১২৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত হাজার ক্রীড়াবিদ অংশ নেন। মাসব্যাপী এই আয়োজনে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে পুরস্কারের অর্থ সরাসরি বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে প্রদান করা হয়।
আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আরও বিকশিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা ব্যক্ত করে বলেন, ‘এভাবেই তারা একদিন চূড়ান্ত উৎকর্ষ অর্জন করে বিশ্বকাপে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়াসচিব মেজবাহ উদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে গণবিশ্ববিদ্যালয় ও এআইউইবিরর মধ্যে নারী ফুটবলের চূড়ান্ত প্রতিযোগিতা মাঠে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ, শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের উৎসবমুখর পরিবেশে পদক বিতরণ সম্পন্ন হয়।
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’—এই প্রতিপাদ্য হিসেবে সারা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।
গত সেপ্টেম্বর মাসে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৯৫০ জন ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী ও পুরুষ—উভয় বিভাগে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৫০ জন নারী-ক্রীড়াবিদের অংশগ্রহণ ছিল অনুপ্রেরণাদায়ক।
আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেওয়া প্রথম তিনজন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০১৯ সালে প্রবর্তন করা হয়। খবর বিজ্ঞপ্তির