বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সহায়তার আশ্বাস
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের অব্যাহত অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক বুধবার সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক এ আশ্বাস দেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী প্রধানের সঙ্গে এটিই ছিল ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবিচল প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। বিশেষত বর্তমান সময়ে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহ যে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। এ ছাড়া জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষভাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেন।
ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক আরও বলেন, বিভিন্ন জাতিসংঘ মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই মাস থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।