যাচাই-বাছাই কমিটির সদস্যসচিবই পেলেন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহা. আতিয়ার রহমান
ফাইল ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে মৎস্য অধিদপ্তর। অধিদপ্তরের মোট চারজন এবারের পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহা. আতিয়ার রহমান। যদিও তিনি শুদ্ধাচার পুরস্কার যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ছিলেন।

সরকারি কর্মচারীদের শুদ্ধাচারচর্চায় উৎসাহ দেওয়ার জন্য শুদ্ধাচার পুরস্কার দেয় সরকার। মৎস্য অধিদপ্তরে তৃতীয় থেকে নবম গ্রেড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিয়ার রহমান। জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার মূল্যায়ন আমি করিনি। আমার যে মূল্যায়ন হয়েছে, তা কমিটির অন্য সদস্যরা করেছেন।’

শুদ্ধাচার পুরস্কার প্রদানের নীতিমালা অনুযায়ী, পুরস্কার হিসেবে প্রত্যেককে মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত ফরম্যাটে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়। মৎস্য অধিদপ্তরের এই পুরস্কার প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘অনেকগুলো ক্রাইটেরিয়ার (মানদণ্ড) ভিত্তিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে অধিদপ্তরের সব কর্মকর্তাকে নিয়ে প্রথমে একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। সংক্ষিপ্ত তালিকায় যখন তাঁর (আতিয়ার রহমান) নাম এল, তখন তাঁকে তৃতীয় থেকে নবম গ্রেড পর্যন্ত মূল্যায়নে রাখা হয়নি। কমিটির সদস্যসচিব হিসেবে তিনি ভোটদান ও নম্বর প্রদান থেকে বিরত ছিলেন। ফলে তিনি কমিটির সদস্যসচিব থাকলেও তাতে কিছু যায়-আসে না।’

যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব হয়েও আতিয়ার রহমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেননি—এটা গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

প্রথম আলোকে ইফতেখারুজ্জামান বলেন, নীতিমালার অংশ হিসেবেই থাকবে যে কমিটি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যে সিদ্ধান্তে কমিটির কোনো সদস্য লাভবান বা ক্ষতিগ্রস্ত হবেন বা সিদ্ধান্তের প্রভাব সদস্যদের কারও ওপর পড়বে।

কমিটির সদস্যসচিবের পুরস্কার গ্রহণ নৈতিকভাবে তো নয়ই, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, ‘যেকোনো প্রাতিষ্ঠানিক চর্চার ন্যূনতম একটি বিষয় এটা। বিষয়টিকে সরকারি নীতিমালারও লঙ্ঘন বলে মনে করি।’

আতিয়ার রহমান ছাড়াও অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক (বর্তমানে তিনি মৎস্য প্রশিক্ষণ একাডেমির পরিচালক হিসেবে কর্মরত) মোহা. সাইনার আলম, কম্পিউটার অপারেটর কাম সাঁটলিপিকার মো. রুস্তম আলী ও অফিস সহায়ক হুমায়ুন কবির পাটোয়ারী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।