ভোলায় নতুন কূপে গ্যাস, সরবরাহ শুরু হবে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণের দ্বীপজেলা ভোলায় খনন করা নতুন কূপেও গ্যাসের ভালো চাপ পাওয়া গেছে। এ কূপ থেকে দিনে অন্তত ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। তবে যে চাপে গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে, এতে তিন কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) কর্মকর্তারা।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাপেক্স সূত্র বলছে, ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে তিন নম্বর কূপ খননের কাজ চলছে। ঠিকাদার হিসেবে চীনের একটি প্রতিষ্ঠান কূপ খননের কাজটি করছে। গত ৯ সেপ্টেম্বর খনন শুরু করে তিন হাজার ৫২৬ মিটার গভীরতায় কাজ শেষ করা হয়। গতকাল রোববার সকালে প্রথম ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) শুরু হয়। এর মাধ্যমে গ্যাসের স্তর, চাপ, প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর ভিত্তিতেই দিনে কতটুকু উৎপাদন করা যাবে, তা নির্ধারণ করা হয়।

বাপেক্সের কর্মকর্তারা বলছেন, কূপ করার পাশাপাশি গ্যাস প্রক্রিয়াজাত করে সরবরাহের জন্য প্রসেস প্ল্যান্টও করা হচ্ছে। বর্তমানে ভোলা নর্থ ও ইলিশার তিনটি কূপ থেকে সরবরাহের জন্য ৬ কোটি ঘনফুট সক্ষমতার একটি প্রসেস প্ল্যান্টের কাজ চলছে। একই এলাকায় পরে একই সক্ষমতার আরেকটি প্রসেস প্ল্যান্ট করার মতো জমি অধিগ্রহণ করা আছে। গ্যাসের চাহিদা বাড়ার সম্ভাবনা বুঝে কাজ শুরু করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। চড়া দামে এলএনজি আমদানি করেও চাহিদা মেটানো যাচ্ছে না। চাহিদা মতো গ্যাস পাচ্ছে না শিল্প কারখানা। আটকে আছে নতুন বিনিয়োগ। অথচ অবহেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দক্ষিণের দ্বীপজেলা ভোলার গ্যাস।

গ্যাস খাত সংশ্লিষ্টরা বলছেন, ভোলায় কূপ খনন করে পাওয়া গ্যাস নতুন কিছু নয়। এখানে অনুসন্ধান কূপের মাধ্যমে আগেই গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। এখন যে কূপের কাজ করা হয়েছে, এটি মূলত একটি উন্নয়ন কূপ। গ্যাসের মজুতের তথ্য জেনেই উৎপাদন বাড়ানোর জন্য এ ধরনের কূপ খনন করা হয়। তবে চাইলেই এখন গ্যাস উৎপাদন বা সরবরাহ করা যাবে না। কেননা, ভোলায় গ্যাসের অত চাহিদা নেই এবং ভোলা থেকে গ্যাস জাতীয় পাইপলাইনে দেওয়ার সুযোগ নেই।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে। একই সংস্থা ২০১৮ সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থ। আর ২০২৩ সালে তারা আবিষ্কার করে ইলিশা গ্যাসক্ষেত্র। এ দুটি গ্যাসক্ষেত্র থেকে এখনো উৎপাদন শুরু হয়নি।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, ভোলার তিনটি গ্যাসক্ষেত্র মিলে ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে বলে ধারণা করছে পেট্রোবাংলা। নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে প্রতি ইউনিট গ্যাসের দাম এখন ৪০ টাকা। এ হিসেবে ভোলার গ্যাসের দাম প্রায় ২ লাখ ৯ হাজার ৫৪৫ কোটি টাকা। এর বাইরেও ভোলায় গ্যাস পাওয়ার সম্ভাবনা ব্যাপক। ২০২৪ সালে রাশিয়ার কোম্পানি গাজপ্রম বলেছে, ভোলায় ৪ লাখ কোটি ঘনফুটের বেশি গ্যাস আছে। আর এ বছর স্লামবার্জার বলেছে, ভোলায় গ্যাসের মজুত ৮ লাখ কোটি ঘনফুট ছাড়াতে পারে। এখনো বড় এলাকা অনুসন্ধানের বাইরে আছে।

পেট্রোবাংলা বলছে, ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন উন্নয়ন কূপ নিয়ে ভোলায় মোট কূপের সংখ্যা হতে যাচ্ছে ১০টি। শিগগিরই এ কূপ থেকে গ্যাস তোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর বাইরে বর্তমানে ভোলার ৯টি কূপ থেকে দিনে উৎপাদন ক্ষমতা ১৮ কোটি ঘনফুট। যদিও চাহিদা না থাকায় বর্তমানে ৪টি কূপ থেকে উৎপাদন হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ কোটি ঘনফুট। আর ৫টি কূপ অব্যবহৃত। নতুন কূপটিও আপাতত অব্যবহৃত থাকবে।

বাপেক্সের বিভাগীয় প্রধান (পরিকল্পনা ও আইসিটি) মো. আব্দুর রউফ প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ঘনফুট পর্যন্ত গ্যাসের চাপ পাওয়া গেছে। প্রকৃত উৎপাদন ক্ষমতা বোঝা যাবে উৎপাদন শুরুর পর। প্রসেস প্ল্যান্ট ও পাইপলাইন তৈরি হলে উৎপাদন করা যাবে। ১০ কিলোমিটার পাইপলাইন করলেই ভোলার পাইপলাইনে যুক্ত হবে। তবে ভোলায় আপাতত চাহিদা নেই। তাই এর সুফল নিশ্চিত করতে হলে চাহিদা বাড়াতে হবে বা ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট ২৮টি কূপের পরিকল্পনা আছে। এর মধ্যে ৯টি আগে থেকে করা আছে। আরও ১০টি কূপ খনন করা হলে দিনে অন্তত ২০ কোটি ঘনফুট উৎপাদন ক্ষমতা বাড়বে। এর মধ্যে বর্তমানে ৫টি কূপ খননের কাজ চলছে, যার একটি হলো ভোলা নর্থ-৩। বাকি ৫টির দরপত্র প্রক্রিয়াধীন আছে। তাই সামনে অব্যবহৃত উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। ভোলা থেকে বরিশাল পাইপলাইন হলে এ উৎপাদন সক্ষমতা কাজে লাগবে। ২০২৯ সালে ভোলায় গ্যাসের উৎপাদন সক্ষমতা হবে ২৮ কোটি ঘনফুট। আর ২০৩২ সালে হবে ৩৮ কোটি ঘনফুট। এসব সক্ষমতার বড় অংশ অব্যবহৃত থাকবে। আর ২৪ ইঞ্চি পাইপলাইন হলে দিনে ৩০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। চড়া দামে এলএনজি আমদানি করেও চাহিদা মেটানো যাচ্ছে না। চাহিদা মতো গ্যাস পাচ্ছে না শিল্প কারখানা। আটকে আছে নতুন বিনিয়োগ। অথচ অবহেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দক্ষিণের দ্বীপজেলা ভোলার গ্যাস। এ গ্যাস ব্যবহার নিয়ে আড়াই দশকেও কার্যকর পরিকল্পনা নিতে পারেনি কোনো সরকার। ভোলার গ্যাস ব্যবহার করতে পারলে এলএনজি আমদানি না কমলেও আমদানির প্রবৃদ্ধি ঠেকানো যাবে। পাইপলাইন তৈরি হলে বা শিল্প কারখানা গড়ে ভোলায় চাহিদা বাড়াতে পারলে গ্যাস কাজে লাগবে। বর্তমান সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে।

বাপেক্সের বিভাগীয় প্রধান (পরিকল্পনা ও আইসিটি) মো. আব্দুর রউফ প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ঘনফুট পর্যন্ত গ্যাসের চাপ পাওয়া গেছে। প্রকৃত উৎপাদন ক্ষমতা বোঝা যাবে উৎপাদন শুরুর পর। প্রসেস প্ল্যান্ট ও পাইপলাইন তৈরি হলে উৎপাদন করা যাবে। ১০ কিলোমিটার পাইপলাইন করলেই ভোলার পাইপলাইনে যুক্ত হবে। তবে ভোলায় আপাতত চাহিদা নেই। তাই এর সুফল নিশ্চিত করতে হলে চাহিদা বাড়াতে হবে বা ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পাইপলাইনের নীতিগত সিদ্ধান্ত

ভোলার গ্যাস পাইপলাইনে করে জেলার বাইরে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল পর্যন্ত নদীর তলদেশ দিয়ে আসবে একটি পাইপলাইন। এরপর বরিশাল থেকে আরেক পাইপলাইনে গ্যাস যাবে খুলনায়। এতে ভোলার স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বরিশাল-খুলনা অঞ্চল ছাড়াও জাতীয় গ্যাস পাইপলাইনে সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ভোলার গ্যাস নিয়ে জ্বালানি বিভাগের পর্যালোচনায় বলা হয়, সিএনজি ও এলএনজি করে আনতে সরকারের বিনিয়োগ প্রয়োজন হবে না, দ্রুত আনা সম্ভব। দিনে ১০ কোটি ঘনফুট গ্যাস সিএনজি করে আনতে ১ হাজার ৬০০টি বিশেষ ট্রাক লাগবে। এলএনজি করে বিশেষায়িত আইএসও ট্যাংকারে করে আনলে ৭০০ ট্যাংকার লাগবে। এতে বেসরকারি বিনিয়োগ হবে, সড়ক পথে চাপ তৈরি হবে। তবে সরবরাহের অনিশ্চয়তা আছে, এমনকি উৎপাদন হঠাৎ বন্ধ করতে হলে কূপের ক্ষতি হওয়ার ঝুঁকি আছে। এ ছাড়া সরকার রাজস্ব পাবে খুবই কম।

আর পাইপলাইনের বিষয়ে বলা হয়, এতে সরকারের ৪ হাজার কোটি টাকার একটু বেশি খরচ হবে। এতে গ্যাস সরবরাহ করে খুলনার অব্যবহৃত তিনটি বিদ্যুৎ কেন্দ্রে ১ হাজার ২৪৪ মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা যাবে। সরকারের রাজস্ব বাড়বে। বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখার দায় কমবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব বিবেচনায় নিয়েই পাইপলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত আওয়ামী লীগ সরকারের সময় ভোলার গ্যাস বাইরে নিতে পাইপলাইন নির্মাণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা করে পেট্রোবাংলা। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় যাওয়ার কথা এ পাইপলাইন। আর আরেকটি পাইপলাইন বরিশাল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। ভোলার গ্যাস বরিশাল পর্যন্ত আনতে একটি সম্ভাব্যতা যাচাই করে জিটিসিএল। অর্ন্তবতী সরকারের সময় পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। বরিশাল থেকে সরাসরি ঢাকায় পাইপলাইন আনার উদ্যোগ নেওয়া হয়। তবে বর্তমান সরকার এসে বরিশাল থেকে খুলনায় নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিন বছরে হতে পারে পাইপলাইন

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএল সূত্র বলছে, ভোলা-বরিশাল পাইপলাইনটি ৯৬ কিলোমিটার। আর বরিশাল-খুলনা হবে ১০৫ কিলোমিটার। তিন মাসের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে জিটিসিএল ও পেট্রোবাংলার অনুমোদন নিয়ে জ্বালানি বিভাগে পাঠানো হবে। সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে দুটো আলাদা দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে কাজ এগিয়ে নেওয়া হবে। আগামী তিন বছরের মধ্যে এটি শেষ করার চিন্তা আছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বরিশাল-খুলনা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়নি। এটি দুই মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ভোলা থেকে বরিশালের পাইপলাইনটির সম্ভাব্যতা যাচাই হয়েছিল ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ধরে। তবে গ্যাস সরবরাহ বাড়াতে পাশে আরেকটি পাইপলাইন করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় পাইপলাইনটি এখন করা হবে না। তবে জমি অধিগ্রহণ করে রাখা হবে। আর ভোলা থেকে দুটি নদীর তলদেশ দিয়ে পার হবে পাইপলাইন। বরিশাল-খুলনা পাইপলাইনটি হবে ৩০ ইঞ্চি ব্যাসের। সব মিলে দুটি পাইপলাইনের কাজ তিন বছরে শেষ নাও হতে পারে।

কত টাকা খরচ হবে পাইপলাইন তৈরি করতে? জিটিসিএল বলছে, ভোলা-বরিশাল পাইপলাইন তৈরি করতে ১ হাজার ৯৩১ কোটি টাকা খরচ ধরা হয়েছে। আর বরিশাল-খুলনা পাইপলাইনের খরচ ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইনে ৪ হাজার ১৩১ কোটি টাকা ব্যয় হবে। তবে জিটিসিএল সূত্র বলছে, সম্ভাব্যতা যাচাই শেষে খুলনার পাইপলাইনের খরচ নিশ্চিত হবে। আর ভোলা-বরিশালে জমি অধিগ্রহণের খরচ যুক্ত হবে। এতে করে পাইপলাইনের খরচ আরও কিছুটা বাড়তে পারে।