সিএনজি অটোরিকশার সিলিন্ডারে আগুন, একই পরিবারের পাঁচজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনের প্রতীকী ছবি

চট্টগ্রামে সিএনজি অটোরিকশার সিলিন্ডার থেকে আগুন ধরে একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর শহরের প্রান্তে চলন্ত সিএনজিতে আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ গোলচত্বরে অটোরিকশাটি পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। তখন আশপাশের লোকজন এসে দগ্ধ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন বলেন, ‘সবার শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা চিকিৎসা দিচ্ছি।’ চিকিৎসকেরা জানান, আহত ব্যক্তিদের মধ্যে শিশু জান্নাতের (৬) শরীরের ৪৫ ভাগ, শিশু কাইনাতের (৩) ১৫ ভাগ, জোছনা বেগমের (৩০) ৩০ ভাগ, বিলকিস বেগমের (২৬) ১৫ ভাগ ও সাথী আকতারের (২৬) শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে।

পুলিশ জানায়, আহত ব্যক্তিরা সবাই কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার গোদার পাড়ের বাসিন্দা। তাঁরা সবাই বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় চড়ে বহদ্দারহাটে যাচ্ছিলেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, সিএনজির সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এরপর সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তার আগেই যাত্রীদের উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।