সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেলে আবার রিয়াদের ফ্লাইট চলাচল শুরু করা হবে: বিমানমন্ত্রী
সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তে রিয়াদগামী ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, এ রুটে ফ্লাইট চালুর অনুমতি পেলে আবার চলাচল শুরু হবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের ব্যবস্থা করতে কাজ চলছে।
সোমবার সন্ধ্যার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান।
মন্ত্রী জানান, যাত্রীরা তাঁকে বলেছেন যে তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ পাচ্ছেন। বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমেও যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতেও এ সেবার মান ধরে রাখার প্রত্যাশা জানান তাঁরা।
বিমানবন্দরে যাত্রীসেবার মান বজায় রাখা এবং ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে ২০০ ট্রলি হস্তান্তর প্রবাসীকল্যাণমন্ত্রীর
এদিকে সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের সুবিধার্থে ১৫০টি ট্রলি হস্তান্তর করেন তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২০০টি ট্রলি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ২৫টি করে ট্রলি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন। আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
সৌদি আরবে আটকে পড়া ওমরাহ যাত্রীদের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। কেউ কেউ বিকল্প রুটে আসার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে অনেকেই ফিরতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদেরও দেশে ফিরিয়ে আনা হবে।
জাপানের সঙ্গে সহযোগিতা চুক্তি
জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ বাড়াতে দেশটির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে কর্মী পাঠানো ও নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমান আইনি সুরক্ষা পাবেন, যা তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি গর্ভাবস্থা বা সন্তান প্রসবের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা বা তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। একই সঙ্গে এসব কারণে কোনো নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানোর কোনো বিধানও চুক্তিতে রাখা হয়নি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, বেশি বেতন ও জাপানে দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কর্মীদের সুরক্ষা নিশ্চিত হবে এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।