বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

সৈয়দ তানভির হুসাইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ তানভির হুসাইন। ১ নভেম্বর তিনি এ পদে যোগ দেন। একটি ভবিষ্যৎ উপযোগী ডিজিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পেশাগত জীবনে দীর্ঘ তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে সৈয়দ তানভির হুসাইনের। এর মধ্যে দুই দশকের বেশি সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ তানভির হুসাইন প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবর্তন, কর্মী ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, ব্যবসার প্রবৃদ্ধি এবং কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে কাজ করেছেন।

টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা, উৎপাদনসহ বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে সৈয়দ তানভির হুসাইনের। এসব খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, পরিবর্তন আনা এবং কর্মীদের দক্ষতা ও কাজের মানকে গুরুত্ব দেয় এমন কর্মসংস্কৃতি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বাংলালিংকে যোগ দেওয়ার আগে আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজ্যুমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে দায়িত্ব পালন করেন তানভির। এর আগে এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক কৌশল, প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করেছেন। তানভির পাঁচ বছরের বেশি সময় চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গ্রামীণফোনে।

নতুন দায়িত্ব নিয়ে সৈয়দ তানভির হুসাইন বলেন, ‘বাংলালিংকের যাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, কর্মীদের আরও দক্ষ করে তোলা, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এআইয়ের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা একটি গতিশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব।’