গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামফাইল ছবি: বাসস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনায় বসতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাটাই এখন বেশি জরুরি বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা করেন, ভারত চিঠির জবাব দেবে।

আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। গত জুনের পর সমাধানে পৌঁছানোর জন্য ভারতকে এরই মধ্যে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। তবে তারা একটি চিঠিরও কোনো জবাব দেয়নি।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমরা চুক্তিটি অব্যাহত রাখতে চাই। এটি নবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আমরা অবশ্যই আগ্রহী। চুক্তির বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে। তবে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি করতে পারে, এমন কোনো জবাব এখনো পাওয়া যায়নি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের জন্য এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি কতটা গুরুত্বপূর্ণ, তা ভারত ভালোভাবেই জানে।

আরও পড়ুন

বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাটাই এখন সবচেয়ে জরুরি উল্লেখ করে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি ভারত রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমাদের চিঠির জবাব দেবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ।’

বিদ্যমান চুক্তি নবায়ন, নাকি নতুন করে পানিবণ্টন চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি শেষ পর্যন্ত দুই দেশের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি ব্যাখ্যা করেন, পারস্পরিক গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে উভয় দেশকে নিজ নিজ অবস্থান তুলে ধরতে হবে।

আরও পড়ুন

জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঙ্গার পানিবণ্টনে পারস্পরিক লাভজনক সমঝোতা নিশ্চিত করে ভারতের সঙ্গে বাংলাদেশ গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। হাতে মাত্র তিন (এখন দুই সপ্তাহ) সপ্তাহের মতো সময় থাকলেও চুক্তিটি নবায়নের জন্য আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।