গ্যাস–সংকটে চট্টগ্রামে সিলিন্ডার ও চুলার দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়তি দরে গ্যাসের সিলিন্ডার ও ইনডাকশন চুলা বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নগরের লাভ লেন, এনায়েত বাজার ও গোলাম রসুল মার্কেটে এ অভিযান চালানো হয়। ১৫ মে
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় চট্টগ্রামে গ্যাসের সংকট দেখা দিয়েছে। আর এ সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি বাড়ানো হয়েছে বিদ্যুচ্চালিত ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের লাভ লেন, এনায়েত বাজার ও গোলাম রসুল মার্কেটে অভিযান চালিয়ে ৫টি দোকানের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। সব কটি প্রতিষ্ঠানই বাড়তি দামে চুলা ও গ্যাস বিক্রি করছিল।

জেলা প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়তি দরে এলপিজি গ্যাস বিক্রির দায়ে লাভ লেনের হাবিব ট্রেডার্সকে ১০ হাজার, এনায়েত বাজার মোড়ের জেএস ট্রেডিংকে ২০ হাজার এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নগরের গোলাম রসুল মার্কেটে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশি রাখায় দুটি দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এর আগে গতকাল রোববার রাতে নগরের ষোলশহর রেলস্টেশনের সোহেল এন্টারপ্রাইজকে ৫ হাজার ও তাহের স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এনায়েতবাজার এলাকার ৪টি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে বাড়তি দরে সিলিন্ডার ও গ্যাস বিক্রি করা হচ্ছিল।

চট্টগ্রামে গ্যাসের সংকটের কারণে বৈদ্যুতিক চুলা কিনতে ভিড় করছে মানুষ। আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের গোলামরসূল মার্কেটে
ছবি: জুয়েল শীল

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখার কারণে আগাম সতর্কতা হিসেবে মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রাখা হয়। দুটি টার্মিনালের মাধ্যমে আমদানি করে আনা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহ করা হয়ে থাকে। এগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে যায়।

কেজিডিসিএল গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তাদের আরও ছয় থেকে সাত দিন সময় লাগবে। বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।