সাবেক দুই এমপিসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক)ফাইল ছবি

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবদুল ওয়াদুদসহ ছয়জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আরও যাঁদের নামে মামলা রয়েছে, তাঁরা হলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম (হাসু) ও তাঁর স্ত্রী পারভীন আক্তার এবং সাবেক এমপি আবদুল ওয়াদুদের স্ত্রী মর্জিনা ওয়াদুদ।

দুদকের পক্ষে পৃথক ছয়টি আবেদনে তাঁদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন উপসহকারী পরিচালক মো. আবু তালহা।

দুদকের আবেদনগুলোতে উল্লেখ করা হয়, আসামিরা অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে দখলে রাখেন। এ ছাড়া তাঁরা বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাঁদের রিরুদ্ধে মামলা রুজু করা হয়। এসব আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের আয়কর নথির বিভিন্ন অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।