সমালোচনার পরও ডিজিটাল আইনে মামলার নামে হয়রানি কমেনি: এমএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমে মতপ্রকাশের পথ রুদ্ধ করার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে মনে করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

চলতি এপ্রিল মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

দেশীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও নিজেদের সংগৃহীত তথ্য পর্যালোচনা করে এমএসএফ বিবৃতিতে বলেছে, ব্যাপকভাবে সমালোচিত হওয়া সত্ত্বেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নামে হয়রানি কমেনি। এই আইনের অপব্যবহারের মাধ্যমে মানুষকে মতামত প্রকাশে বাধাগ্রস্ত করা ও ভয় দেখানো হচ্ছে। ফলে বিষয়টি নিয়ে সর্বস্তরে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে সাতটি মামলা হয়েছে ও আটজন গ্রেপ্তার হয়েছেন। এমএসএফ মনে করে, এ আইনের অপব্যবহারের চিত্র সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে; যা হয়রানিমূলক ও অগ্রহণযোগ্য। আইনটি বাতিল করতে হবে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে সাতটি মামলা হয়েছে ও আটজন গ্রেপ্তার হয়েছেন। এমএসএফ মনে করে, এ আইনের অপব্যবহারের চিত্র সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে; যা হয়রানিমূলক ও অগ্রহণযোগ্য। আইনটি বাতিল করতে হবে।

সংগঠনটি বলেছে, এপ্রিলে পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত ৫৪ জন সাংবাদিক নানাভাবে হুমকি, হয়রানি, নিপীড়ন–নির্যাতনের শিকার ও গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জন আইনি হয়রানির শিকার হয়েছেন, ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ১জনের বিরুদ্ধে এ আইনে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এ ছাড়া একজন অফিশিয়াল সিক্রেক্টস অ্যাক্ট ও দণ্ডবিধির আওতায় চলমান মামলায় হয়রানির শিকার হচ্ছেন ও তাঁর দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এপ্রিল মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, এ মাসেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, বাহিনীর পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার এড়াতে পুলিশের ধাওয়া খেয়ে মৃত্যু ও নির্যাতনের মতো ঘটনা ঘটে চলেছে।

এ ছাড়া ওই মাসে ‘বন্দুকযুদ্ধের’ চারটি ঘটনা ঘটেছে। বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন তিনজন ও আহত হয়েছেন বেশ কয়েকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ছয়টি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছয়টি ঘটনায় ১৯ জনকে অপহরণ করা হয়েছে। তাঁদের মধ্যে পরে মামলা দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে ১০ জনকে, দুটি ঘটনায় অপহরণের কথা অস্বীকার করা হয়েছে, উদ্ধার দেখানো হয়েছে ১ জনকে ও ৬ জনের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।